জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার বিকল্প খুঁজতে জোর তৎপরতা শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন কোচ নিয়োগের লক্ষ্যে ইতিমধ্যে একটি বড় পরিসরের বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেছে সংস্থাটি। বাফুফে সূত্রে জানা গেছে, কোচ পদে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৩০০ জন প্রার্থী আবেদন করেছিলেন।
প্রাথমিক যাচাই বাছাই শেষে সেই তালিকা কমিয়ে ২২ জনে আনা হয়েছে। এই ২২ জনকেই এখন চূড়ান্ত বিবেচনায় রাখা হচ্ছে। পরবর্তী ধাপে বাফুফে শর্টলিস্টে থাকা কোচদের কাছে ই-মেইল পাঠিয়েছে। সেখানে তাদের বেতন চাহিদা, চুক্তির শর্ত এবং কবে থেকে দায়িত্ব নিতে পারবেন- এসব গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আর্থিক সক্ষমতা ও কোচদের প্রাপ্যতা বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচনা থাকায় নতুন কোচ নিয়োগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বাফুফে। তাই অভিজ্ঞ ও আন্তর্জাতিক মানের কোচ বাছাইয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই সংক্ষিপ্ত তালিকা আরও ছোট করা হবে এবং সেখান থেকে চূড়ান্ত কোচ নির্বাচন করা হবে। নতুন কোচের অধীনে জাতীয় দলকে নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বাফুফের।
এদিকে অলিম্পিক দলের জন্য আবাহনীর কোচ মারুফুল হককে চূড়ান্ত করেছে বাফুফে। বিভিন্ন মেয়াদে কয়েকবার বাংলাদেশ সিনিয়র ও জুনিয়র দলের দায়িত্ব পালন করা এই কোচ মালদ্বীপ যাবেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল নিয়ে। সেখানে আগামী ১ থেকে ১০ই জুন হবে চার জাতি ফুটবল টুর্নামেন্ট। মারুফকে কোচ করার বিষয়টা নিশ্চিত করেছেন মালদ্বীপগামী দলের ম্যানেজার শাহীন হাসান। আগামী বুধবার নতুন কোচের সঙ্গে আলোচনায় বসবে টিম ম্যানেজমেন্ট। সেখানেই দল গঠন ও প্রস্তুতি নিয়ে আলোচনা হবে।
এই দেশি কোচের অধীনে সর্বশেষ ২০২৪ সালে বাংলাদেশ শিরোপা জিতেছিল সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের। এরপর বাফুফে তাকে আর কোনো দায়িত্ব দেয়নি। সম্প্রতি বাফুফের কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দেখে মারুফুল হক অলিম্পিক দলসহ বিভিন্ন বয়সভিত্তিক দলের কোচ হতে আবেদন করেছিলেন। তার আগ্রহ দেখে বাফুফে মালদ্বীপ ফুটবল ফেডারেশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে জুনে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের জন্য তাকে নিয়োগ দিয়েছে। বাংলাদেশ ও স্বাগতিক মালদ্বীপ ছাড়া এই আসরে অংশ নেবে শ্রীলঙ্কা ও পাকিস্তান।
