করাচিতে পাকিস্তানের কন্ডিশনিং ক্যাম্প শুরু

ফন্ট সাইজ:

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৩রা মে বাংলাদেশে পা রাখবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। তার আগে বিশেষ কন্ডিশনিং ক্যাম্প করছে তারা। গতকাল করাচির হানিফ মোহাম্মদ হাই পারফরম্যান্স (এইচপিসি) একাডেমিতে পাঁচদিনের বিশেষ কন্ডিশনিং ক্যাম্প শুরু হয়। বাংলাদেশের স্পিন সহায়ক কন্ডিশনের চ্যালেঞ্জ সামলাতে এই ক্যাম্পের আয়োজন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তান সুপার লীগের (পিএসএল) একাদশ আসর নিয়ে ব্যস্ত সময় পার করছেন টেস্ট দলে জায়গা পাওয়া অনেক ক্রিকেটার। পিসিবি জানিয়েছে, যে সকল ক্রিকেটারের দলের খেলা শেষ হয়ে যাচ্ছে, তারা সরাসরি করাচির এই ক্যাম্পে যোগ দিয়েছে। তবে যাদের দল পিএসএলের ফাইনালে খেলবে, তারা ২রা মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শিরোপানির্ধারণী ম্যাচ খেলে সরাসরি বাংলাদেশের উদ্দেশ্যে বিমানে চড়বেন।

পাঁচদিনের এই ক্যাম্পে ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন বাবর আজম-শাহীন আফ্রিদিরা। আগামী ১রা ও ২রা মে করাচিতে নিজেদের মধ্যে দু’টি প্র্যাকটিস ম্যাচ খেলবে পাকিস্তান দল। এরপর ৩রা মে তারা ঢাকায় অবতরণ করবেন।

বাংলাদেশের বিপক্ষে শান মাসুদের নেতৃত্বে ১৬ সদস্যের পাকিস্তান টেস্ট দলে ডাক পেয়েছেন নতুন পাঁচ ক্রিকেটার। আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মোহাম্মদ গাজী ঘোরি প্রথমবারের মতো সাদা পোশাকের স্কোয়াডে ডাক পেয়েছেন। এ ছাড়া অভিজ্ঞ বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন আফ্রিদিদের পাশাপাশি হাসান আলী ও মোহাম্মদ আব্বাসের মতো অভিজ্ঞ বোলারদের ওপরও ভরসা রাখছে পিসিবি। ২০২৫-২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সিরিজটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ৮ই মে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ১৩ই মে সিলেটে পাড়ি জমাবে দুই দল। সেখানে ১৬ই মে থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

পাকিস্তান টেস্ট স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ গাজী ঘোরি, নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আঘা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন