ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী আবারো আলোচনায়! তবে এবার অভিনয়ের জন্য নয় হিন্দি উচ্চারণ নিয়ে তৈরি হওয়া বিতর্কের কারণে। স্বাভাবিক অভিনয়শৈলীর জন্য বরাবরই প্রশংসিত এই তারকা সম্প্রতি মুম্বইয়ে এক প্রচার অনুষ্ঠানে হিন্দিতে কথা বলতে গিয়ে সমালোচনার মুখে পড়েছেন। নীতেশ তিওয়ারির পরিচালিত বহুল আলোচিত চলচ্চিত্র ‘রামায়ণ’-এ সীতা চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী।
আর সেই কারণেই তার ভাষাগত দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। জানা গেছে, আমির খান প্রযোজিত ‘একদিন’ সিনেমায়ও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে, যেখানে তার বিপরীতে রয়েছেন জুনাইদ খান। ছবিটির প্রচারণা উপলক্ষে ‘একদিন কি মেহফিল’ নামে এক সংগীত অনুষ্ঠানে অংশ নেন সাই পল্লবী। সেখানে উপস্থিত অতিথি ও গণমাধ্যমের সঙ্গে হিন্দিতে কথা বলার চেষ্টা করেন তিনি। তবে তার কথায় সাবলীলতার ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে। বিষয়টি নিজেও স্বীকার করে তিনি বলেন, আমার হিন্দি খুব একটা ভালো নয়।
এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক ট্রোলিং। অনেকেই প্রশ্ন তুলেছেন ‘রামায়ণ’-এর মতো মহাকাব্যিক সিনেমায় সীতার মতো গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে কেন নেয়া হলো। কেউ কেউ আবার ধারণা করছেন, সিনেমায় তার কণ্ঠ ডাব করা হতে পারে। তবে সমালোচনার বিপরীতে অনেকেই সাই পল্লবীর পাশে দাঁড়িয়েছেন। তাদের মতে, ভারতীয় চলচ্চিত্রে ভাষাগত সীমাবদ্ধতা নতুন কিছু নয়। অতীতেও ক্যাটরিনা এবং জ্যাকুলিন-এর মতো অভিনেত্রীরা একই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।
