মালাক্কা প্রণালী

বিদেশি নিয়ন্ত্রণ নয়, আঞ্চলিক ঐকমত্যে জোর মালয়েশিয়ার

ফন্ট সাইজ:

মালয়েশিয়া সরকার মালাক্কা প্রণালীতে কোনো বিদেশি বা একতরফা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ধারণা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে এবং জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে উপকূলবর্তী দেশগুলোর সার্বভৌম অধিকার ও যৌথ দায়িত্বই সর্বাগ্রে বিবেচিত হবে।

দেশটির দি সান ও বিজনেস টুডে জানিয়েছে, মালাক্কা প্রণালী বর্তমানে নিরাপদ ও স্থিতিশীল রয়েছে এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলে কোনো বিঘ্ন নেই, ফলে বাহ্যিক হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই।

দি সান লিখেছে, প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নোর্দিন বলেন, ছোট বা বড় কোনো দেশেরই এই প্রণালীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রয়োজন নেই, কারণ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ উপকূলবর্তী রাষ্ট্রগুলোই এর নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে সক্ষম। তিনি আরও বলেন, মালাক্কা প্রণালী সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত অবশ্যই সংশ্লিষ্ট দেশগুলোর ঐকমত্যের ভিত্তিতে হতে হবে।

এদিকে মালয়েশিয়ার বিজনেস টুডে লিখেছে, স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশন ইসমাইলও একই অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, এই কৌশলগত জলপথের ব্যবস্থাপনা কোনো একক বা বাহ্যিক পক্ষের নিয়ন্ত্রণে দেওয়া যাবে না। তিনি জোর দিয়ে বলেন, আঞ্চলিক সহযোগিতা, আন্তর্জাতিক নীতিমালা এবং আসিয়ান কেন্দ্রিকতার ভিত্তিতেই প্রণালীর নিরাপত্তা ও কার্যক্রম পরিচালিত হওয়া উচিত।

তিনি উল্লেখ করেন, মালাক্কা প্রণালী শুধু মালয়েশিয়ার জন্য নয়, বরং বৈশ্বিক বাণিজ্যের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ। তাই এখানে শান্তি, স্থিতিশীলতা এবং অবাধ নৌ চলাচল নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও গুরুত্বপূর্ণ।
দি সান লিখেছে, সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বর্তমান বৈশ্বিক ভূরাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও মালয়েশিয়া সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমন্বয় বজায় রেখে এই প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন