জাকার্তার জিবিকের নীল টার্ফে রূপকথা লিখলো বাংলাদেশের মেয়েরা। এশিয়ান গেমস নারী হকির বাছাইপয়ে প্রথমবার অংশ নিয়ে ফাইনালে উঠলো অর্পিতা পালের দল। আজ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে শক্তিশালী সিঙ্গাপুরকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। কিছুদিন আগে এশিয়ান গেমস হকির বাছাইয়ে পুরুষ দল সেমিফাইনালে উঠতে না পারলেও, নিজেদের প্রথম আর্ন্তজাতিক টুর্নামেন্টে অংশ নিয়েই শিরোপা মঞ্চে পা রাখলেন অর্পিতা-আইরিনরা।
সেমিফাইনালে পুরো আলো কেড়ে নেন বাংলাদেশের ফরোয়ার্ড আইরিন রিয়া। ম্যাচের ৮ মিনিটেই ফিল্ড গোলে বাংলাদেশকে লিড এনে দেন তিনি। তবে ১২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে চেরিল চিয়া গোল করলে সমতায় ফেরে সিঙ্গাপুর। এরপর লড়াই হয় সমানে সমান। ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় শেষ কোয়ার্টারে। ৫৭ এবং ৫৮ মিনিটে পর পর দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি বাংলাদেশের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন আইরিন। অথচ এই দলের জাকার্তায় আসা নিয়েই ছিল চরম অনিশ্চয়তা। বাজেট সংকটের কারণে প্রায় ৫০ লাখ টাকার ব্যবস্থা করা যাচ্ছিল না।
সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের মূলপর্বের টিকিট আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। এবার লক্ষ্য ইতিহাস গড়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়া।
