বাংলাদেশি নাগরিকদের জন্য শিগগিরই ভারতের ভিসা সংক্রান্ত বিষয়ে ইতিবাচক পরিবর্তন আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে কিশোরগঞ্জ-৫ আসনের সাংসদ শেখ মজিবুর ইকবালের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতসহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সংহতির ওপর দাঁড়িয়ে আছে। এই সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে অভিন্ন মূল্যবোধ, ঐতিহাসিক সংযোগ এবং দুই দেশের জনগণের মধ্যকার সুদৃঢ় বন্ধন। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই সার্বভৌম সমতা, ন্যায্যতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে।
ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনের বিষয়ে খলিলুর রহমান সংসদকে অবহিত করে জানান, ভারতের সঙ্গে ভিসা প্রক্রিয়া সহজতর করতে সরকার ইতিমধ্যেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সম্প্রতি ভারত সফরে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। ওই বৈঠকগুলোতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ ও ব্যবসায়িক ভিসার প্রক্রিয়া পুনরায় স্বাভাবিক করার বিষয়ে জোরালো আহ্বান জানানো হয়েছে। এই আলোচনার পরিপ্রেক্ষিতে শিগগিরই দ্রুতই ভিসা সংক্রান্ত বিষয়ে ইতিবাচক পরিবর্তন আসবে।

A.K.G
২ মাস আগেভারতের ভিসা বন্ধ আছে, বন্ধই থাকুক, পারলে মেডিকেল ও অন্যান্য ভিসাও বন্ধ করে দিন। আমরা প্রয়োজনে থাইল্যান্ড, সিংগাপুর চিকিৎসার জন্য যাবো।
দিল্লীর তেল, গ্যাস, আলু ডিমও নেওয়া বন্ধ করে দিন। তেল মধ্য প্রাচ্য থেকে আনার ব্যবস্থা নিন। টাকা দিয়েই যদি কিনবো, ভারতের তেল গ্যাস, বিদ্যুৎ কিনবো কেন? প্রয়োজনে অন্ধকারে থাকবো, ধানের ক্ষেত নষ্ট হলে, চাল আমদানি করে খাবো।
ভারতকে চেপে ধরে বাধ্য করুন স্বৈরাচারীদের ফেরত দিতে।।