রাজধানীর বাড্ডায় মাদকাসক্ত বাবার বিরুদ্ধে ৩ বছরের শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোরে বড় বেড়াইদ পশ্চিম ঋষিপাড়া এলাকার একটি বাসা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত শিশুটির নাম মো. হাবিবুল্লাহ হাবিব (৩)। সে গাইবান্ধার শাখাটা থানা হাসিরা কান্দি এলাকার শাহীনের ছেলে। বর্তমানে ওই ভাড়া বাসায় বাবা-মার সঙ্গে থাকতো।
বাসার মালিক জুলহাস বলেন, ‘নিহত শিশুর বাবা শাহীন পেশায় রিকশাচালক। স্ত্রী শিল্পী খাতুন এবং দুই ছেলেকে নিয়ে আমার বাসায় ভাড়া থাকতেন। ঘটনার সময় বড় ছেলে বাসায় ছিল না। শিশুটির মা ওষুধ কিনতে বাইরে গিয়েছিলেন। কিছুক্ষণ পর বাসায় ফিরে শিল্পী খাতুন রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও দরজা না খোলায় স্থানীয়দের নিয়ে চাপ প্রয়োগ করলে শাহীন দরজা খুলে দেন। পরে সবাই ঘরে ঢুকে বিছানার ওপর তার বাচ্চা শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান। পরে শাহীনকে আটক করে রেখে পুলিশের কাছে সোপর্দ করা হয়।’
বাড্ডা থানার এসআই মো. জামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে বড় বেরাইদ পশ্চিম ঋষিপাড়ার জুলহাস মিয়ার বাড়ি থেকে হাবিব (৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি মাদকাসক্ত বাবা শাহীন শ্বাসরোধ করে ওই বাচ্চাকে হত্যা করেছে। এই ঘটনায় শাহীনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
