দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে চলমান বৃষ্টিপাত আরও অন্তত এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে।
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজের কারণে এই সতর্কতা জারি করা হয়। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণেই সতর্কতা সংকেত জারি করা হয়েছে।’ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলমান বৃষ্টিপাত আরও অন্তত এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে বলে উল্লেখ করেন তিনি।
