দ. সুদানে বিমান দুর্ঘটনায় সব আরোহীর মৃত্যু

দ. সুদানে বিমান দুর্ঘটনায় সব আরোহীর মৃত্যু

ফন্ট সাইজ:

দক্ষিণ সুদানে যাত্রীবাহী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এ সময় আরোহী ১৫ জনের সবাই নিহত হয়েছেন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এসএসসিএএ এ তথ্য জানিয়েছে।

তারা বলেছে, তদন্ত করতে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে একটি টিম। তবে প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে বিরূপ আবহাওয়ার কারণে দৃষ্টিসীমা খুব কমে আসে। এ কারণে বিমানটি বিধ্বস্ত হতে পারে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, সোমবার সকালে রাজধানী জুবা থেকে দক্ষিণ-পশ্চিমে প্রায় ২০ কিলোমিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয়। স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে ইয়েই থেকে এটি উড্ডয়ন করে। কিন্তু ৩০ মিনিটের মধ্যে বিমানের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে এয়ার ট্রাফিক কন্ট্রোল।

নিহতদের মধ্যে আছেন পাইলট ও ১৪ জন যাত্রী। এর মধ্যে ১৩ জন সুদানি এবং দু’জন কেনিয়ার নাগরিক। সিটিলিংক এভিয়েশন লিমিটেড সেসনা ২০৮ ক্যারাভান নামের ওই বিমানটি পরিচালনা করতো। বিশ্বের সবচেয়ে তরুণ দেশ দক্ষিণ সুদানে পরিবহন নেটওয়ার্ক খুব নাজুক। বিমান চলাচলে সেখানে ভাল নিরাপত্তার ব্যবস্থা নেই। ২০১১ সালে দেশটি স্বাধীন হয়। তারপর প্রায় এক দশকে সেখানে কমপক্ষে ৫৫ টি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। এসব দুর্ঘটনা ঘটেছে পুরনো বিমান এবং দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে।

এছাড়া আছে অতিরিক্ত যাত্রী বহন, নাজুক আবহাওয়া ও পাইলটের ত্রুটি। ২০২৫ সালের জানুয়ারিতে একটি বিমান রাজধানী জুবা’য় যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। এতে ২০ জন তেলকর্মী নিহত হন। উত্তরের ইউনিটি রাজ্যের কাছে একটি তেলক্ষেত্রের কাছেই উড্ডয়নের তিন মিনিটের মধ্যে তা বিধ্বস্ত হয়। তবে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে ২০১৫ সালের নভেম্বরে। এ সময় জুবা বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয় একটি অ্যান্তোনভ বিমান। এতে নিহত হন কমপক্ষে ৪১ জন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন