বিশ্বজুড়ে চলা জ্বালানি সংকটের মধ্যে দেশের বিদ্যুৎ খাতে এক বড় সাফল্য অর্জিত হতে যাচ্ছে। পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এখন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে। মঙ্গলবার বিকালে কেন্দ্রটির প্রথম ইউনিটে বহুল প্রতীক্ষিত ‘ফুয়েল লোডিং’ বা জ্বালানি স্থাপনের কাজ শুরু হচ্ছে।
এই প্রক্রিয়ার মাধ্যমে পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি ভরা হবে, যা বিদ্যুৎ উৎপাদনের আগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। অনুষ্ঠানে সরকারের মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
দীর্ঘদিনের নির্মাণকাজ ও জটিল কারিগরি প্রক্রিয়া শেষে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিট এখন উৎপাদনের জন্য প্রস্তুত। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, জ্বালানি ভরার পর বিভিন্ন কাজ শেষ হলে আগামী আগস্টের মাঝামাঝি সময়ে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার এই ইউনিট পুরোপুরি উৎপাদনে যাবে।
নীতিনির্ধারকদের আশা, প্রথম ইউনিট চালু হওয়ার পর দ্বিতীয় ইউনিটের কাজও দ্রুত শেষ হবে। সব মিলিয়ে ২০২৭ সালের মধ্যে কেন্দ্রটির দুটি ইউনিটই পূর্ণ ক্ষমতায় চালু হয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, দু’টি ইউনিট চালু হলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এর মধ্যে প্রায় ২ হাজার ২০০ মেগাওয়াট জাতীয় গ্রিডে যুক্ত হবে, যা দেশের প্রায় দুই কোটি মানুষের বিদ্যুতের চাহিদা মেটাতে সাহায্য করবে।
প্রথম ইউনিটে জ্বালানি লোডিং উপলক্ষে প্রকল্প এলাকায় বিশেষ আয়োজন রাখা হয়েছে। এতে সরাসরি অংশ নেবেন মন্ত্রী ফকির মাহবুব আনাম ও রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। অন্যদিকে, আইএইএ’র মহাপরিচালক রাফায়েল ম্যারিয়ানো গ্রসি ভিডিও বার্তার মাধ্যমে এই অর্জনের সঙ্গে যুক্ত থাকবেন।
ঈশ্বরদী উপজেলার পদ্মা পাড়ে ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই প্রকল্পের দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। বিশেষজ্ঞরা মনে করছেন, বৈশ্বিক জ্বালানি সংকটের এই সময়ে রূপপুর বিদ্যুৎকেন্দ্রটি চালু হলে আমদানিনির্ভর ব্যয়বহুল তরল জ্বালানির ওপর চাপ কমবে এবং দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ করা সম্ভব হবে।

no need
২ মাস আগে''Paromanobik Biddut '' Udpadon ki High Risky naki ?