চ্যাম্পিয়নস লীগ সেমিফাইনাল

সেই বায়ার্নের বিপক্ষেই ‘সেঞ্চুরি’র অপেক্ষায় পিএসজি

ফন্ট সাইজ:

শেষের দিকে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ। ৩৬ দলের মহাযজ্ঞ থেকে বাকি কেবল ৪ দল। শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখতে প্রথম সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে আজ রাত ১টায়। গত নভেম্বরে এই পার্ক দে প্রিন্সেসেই লীগ পর্বের ম্যাচে পিএসজিকে ২-১ গোলে হারায় বায়ার্ন। ঘরের মাঠে বাভারিয়ানদের বিপক্ষে আজকের লড়াইটা প্যারিসিয়ানদের জন্য তাই প্রতিশোধের। আজ জিতলে প্রথম ফরাসি ক্লাব হিসেবে ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতায় ১০০টি ম্যাচ জয়ের রেকর্ড গড়বে পিএসজি।

কাকতালীয়ভাবে, ১৯৯৪-৯৫ মৌসুমে তাদের প্রথম জয়টিও ছিল এই বায়ার্নের বিপক্ষেই।
আজ চ্যাম্পিয়ন্স লীগের চতুর্দশ সেমিফাইনাল খেলতে নামছে বায়ার্ন, যা বার্সেলোনাকে (১৩) ছাড়িয়ে তাদের তালিকার দ্বিতীয় স্থানে তুলে এনেছে। সামনে কেবল রিয়াল মাদ্রিদ (১৭)। এই অল হোয়াইটদের বিপক্ষেই শ্বাসরুদ্ধকর লড়াই জিতে সেমিতে জায়গা করে নিয়েছে ভিনসেন্ট কোম্পানির বায়ার্ন মিউনিখ। স্টুটগার্টকে হারিয়ে গত সপ্তাহেই জার্মান বুন্ডেসলিগা শিরোপা নিশ্চিত করে তারা। তবে ২০২০-এর পর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের স্বাদ না পাওয়া বাভারিয়ানদের নজর এখন শুধুই ইউরোপিয়ান মুকুটের দিকে। তবে জার্মান জায়ান্টদের চিন্তা বাড়াবে একটি পরিসংখ্যান। চ্যাম্পিয়ন্স লীগে শেষ পাঁচবার এই দুই লেগের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে তারা। তবে চলতি বছর এখন পর্যন্ত টুর্নামেন্টে তাদের রেকর্ড শতভাগ সফল। অন্যদিকে, কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে লুইস এনরিকের পিএসজি। ঘরোয়া লীগে এবার তাদের আধিপত্য কিছুটা টালমাটাল থাকলেও চ্যাম্পিয়ন্স লীগে ফরাসি জায়ান্টরা এখন অপ্রতিরোধ্য। টানা চার জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে তারা।

ফর্মের তুঙ্গে থাকা হ্যারি কেইন মাঠে নামবেন টানা ছয় চ্যাম্পিয়ন্স লীগ ম্যাচে গোল করার লক্ষ্যে। টটেনহ্যাম হটস্পারের এই সাবেক ফরোয়ার্ড চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে গোল করেছেন ৫৩টি। এটি গত এক শতাব্দীতে যে কোনো লীগে কোনো ইংলিশ খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ। চ্যাম্পিয়নস লীগের এক মৌসুমে কেইনের গোল সংখ্যা এখন ১২। এটিও যে কোনো ইংলিশ খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ।

চলতি আসরের শেষ চারটি নকআউট ম্যাচেই গোল করেছেন এই ৩২ বছর বয়সী তারকা। আজ পিএসজি’র বিপক্ষে গোল পেলে তিনি রবার্ট লেভানদোভস্কির বায়ার্নের হয়ে গড়া টানা ৫টি নকআউট ম্যাচে গোল করার রেকর্ড স্পর্শ করবেন। তবে ইংলিশ তারকার কাছে অগ্রাধিকার পাচ্ছে শিরোপা চিন্তাই। কেইন বলেন, ‘লেভানদোভস্কির রেকর্ড ভাঙা কঠিন হবে। আমি এখানে এসেছি চ্যাম্পিয়নস লীগ এবং জার্মান কাপ জিততে। তাই এগুলোই আমার কাছে অগ্রাধিকার পায়।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন