সিলেটের গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুরে খেলার মাঠ ও স্থানীয়দের ব্যক্তি মালিকানাধীন রেকর্ডিও জমি রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ প্রতাপপুর এলাকায় আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসন উদ্দেশ্যমূলকভাবে দক্ষিণ ও উত্তর প্রতাপপুর এলাকার মানুষের বসতি ও আবাদি জমিকে বালুমহাল হিসেবে ইজারা দেয়ার প্রক্রিয়া চালাচ্ছে। যা স্থানীয়দের চরম দুশ্চিন্তায় ফেলেছে। বক্তারা আরও অভিযোগ করেন- সরকার যাদের ইজারা দিয়েছে তারা এখনো দখল বুঝে না পেলেও স্থানীয় একটি প্রভাবশালী চক্র ‘বালুখেকো’ হিসেবে মাঠে নেমেছে।
যুবদল পরিচয়দানকারী কামরুল ইসলাম, খায়রুল ইসলাম ও ফয়জুল সহ একটি চক্র প্রবাসীকল্যাণ মন্ত্রী ও জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে প্রতি রাতে খেলার মাঠ ও বাগান থেকে শত শত ট্রাক বালু পাচার করছে। এই অবৈধ বালু পরিবহনের ফলে এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, গত রোববার রাতে যানজটে আটকা পড়ে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছাতে না পেরে একজন চা-শ্রমিকের মৃত্যু হয়েছে।
মানববন্ধনে সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনÑ বীর মুক্তিযোদ্ধা শামছুল হক, শ্রী ময়না দেবনাথ, কাদির মৌলভী, শ্রী নিরঞ্জন নাথ, ফখর উদ্দিন, আব্দুল মতিন, আবু বক্কর, ইমতাজুর রহমান প্রমুখ। সমাবেশ থেকে এলাকাবাসী অবিলম্বে রেকর্ডিও জমি ও খেলার মাঠকে বালুমহালের তালিকা থেকে বাদ দেয়ার দাবি জানান। অন্যথায় নিজেদের ঘরবাড়ি ও অস্তিত্ব রক্ষায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। একইসঙ্গে রাতের আঁধারে বালু লুটপাটকারী চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। মানববন্ধনে স্থানীয় কয়েকশ’ নারী-পুরুষ অংশ নেন।
