গোলকিপারদের ‘বক্সিং’, স্পেনে কলঙ্কিত অধ্যায়

গোলকিপারদের ‘বক্সিং’, স্পেনে কলঙ্কিত অধ্যায়

ফন্ট সাইজ:

স্পেনের দ্বিতীয় বিভাগ ফুটবল সেগুনদা ডিভিশন লীগে এক কলঙ্কিত অধ্যায়ের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। রিয়াল জারাগোজা ও এসডি হুয়েস্কার মধ্যকার ‘আরাগোনেস ডার্বি’ রূপ নিলো রণক্ষেত্রে। প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মেরে খবরের শিরোনামে এখন দুদলের গোলকিপার।

ম্যাচটি ছিল দু’দলের জন্য রেলিগেশন বা অবনমন এড়ানোর লড়াই। উত্তেজনার পারদ যখন চরমে, যোগ করা সময়েৎ অষ্টম মিনিটে ঘটে ঘটনাটি। এক পর্যায়ে মেজাজ হারিয়ে বসেন জারাগোজার গোলকিপার এস্তেবান আন্দ্রাদা। টাচলাইনের কাছে কথা বলতে আসা হুয়েস্কা অধিনায়ক হোর্হে পুলিদোকে প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দেন তিনি। রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখালে ক্ষিপ্ত আন্দ্রাদা দৌড়ে গিয়ে পুলিদোর মুখে সজোরে ঘুষি মারেন। কিংবদন্তি বক্সার মাইক টাইসনের মতো আন্দ্রাদার আচরণে মাঠে মুহূর্তেই হাতাহাতি ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন হুয়েস্কার গোলকিপার দানি জিমেনেজ দৃশ্যপটে আসেন। পাল্টা আক্রমণ চালিয়ে আন্দ্রাদার মাথার পেছনে ঘুষি মারেন তিনি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিতে (ভিএআর) রিভিউ শেষে রেফারি দুই গোলকিপারসহ জারাগোজার দানি তাসেন্দেকেও লাল কার্ড দেখান। অস্কার সিয়েলভার একমাত্র গোলে ম্যাচটি ১-০ ব্যবধানে জেতে হুয়েস্কা। ৩৬ পয়েন্ট নিয়ে তারা টেবিলের ১৯তম স্থানে উঠে এসেছে তারা। অন্যদিকে, ৩৫ পয়েন্ট নিয়ে তলানিতেই রয়ে গেছে জারাগোজা।

ম্যাচ শেষে অনুতপ্ত আন্দ্রাদা বলেন, ‘যা ঘটেছে তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। এটি ভক্ত ও পেশাদার ফুটবলার হিসেবে একটি বাজে দৃষ্টান্ত।’ হুয়েস্কা কোচ হোসে লুইস অলত্রা বলেন, ‘এটি পুরোপুরি নিয়ন্ত্রণ হারানোর মতো ঘটনা। পরিস্থিতি বোঝা যায়, তবে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা থামানোর উপায়ও খুঁজে পাওয়া কঠিন।’ পেশাদার ফুটবলে এমন অখেলোয়াড়সুলভ আচরণের জন্য আন্দ্রাদা ও জিমেনেজ বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন