গ্রেপ্তার দেখানো হলো হাসিনার বিশেষ সহকারী গোলাপকে

মানবতাবিরোধী অপরাধ

গ্রেপ্তার দেখানো হলো হাসিনার বিশেষ সহকারী গোলাপকে

ফন্ট সাইজ:

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মাদারীপুরে সংগঠিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক এমপি আবদুস সোবহান মিয়া গোলাপকে গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন।

আজ সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে সাবেক এই সাংসদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন, ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তিনি এ মামলায় মাদারীপুর-৩ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা আবদুস সোবহান গোলাপকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ৪ মে দিন ধার্য করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৫ আগস্ট রাজধানীর নাখালপাড়ার একটি বাসা থেকে গোলাপকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকেই বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন তিনি। এক সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সচিব পদমর্যাদায় বিশেষ সহকারী ছিলেন গোলাপ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন