দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চাইলেন চসিক মেয়র ডা. শাহাদাত

ফন্ট সাইজ:

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সঙ্গে মতবিনিময়কালে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। বলেন, স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং নগরবাসীর সেবা প্রদান চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। গতকাল নগরের টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক সুজান জিন্ডেল এবং তার সহকারী মো. মাসুক হায়দারের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। শাহাদাত হোসেন বলেন, বর্তমানে সারা দেশে আমিই একমাত্র নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছি। ২০২১ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের মাধ্যমে আমাকে হারানো হয়েছিল। পরবর্তীতে আদালতের রায়ে আমি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছি। অন্যান্য সিটি করপোরেশনে নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্বে নেই। প্রশাসক দিয়ে সেগুলো পরিচালিত হচ্ছে। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনে আমার সঙ্গে ৪১ জন সাধারণ কাউন্সিলর এবং ১৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর থাকার কথা। কিন্তু কাউন্সিলর না থাকায় এত বড় শহরে সেবা প্রদান অত্যন্ত কঠিন। একই দিনে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটতে হচ্ছে। দ্রুত চট্টগ্রাম সিটি করপোরেশনসহ অন্যান্য সিটি করপোরেশনের নির্বাচন হওয়া প্রয়োজন। জাতীয় নির্বাচন প্রসঙ্গে মেয়র বলেন, ২০০১ সালের পর দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। ফলে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পায়নি। এতে উন্নয়ন ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সমপ্রতি অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। আমরা আশাবাদী, তারেক জিয়ার নেতৃত্বে দেশ উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছাবে। মেয়র বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ-পরবর্তী সময় ভেঙে পড়া অর্থনীতিকে ঘুরে দাঁড় করিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অর্থনৈতিক রূপান্তরে ভূমিকা রেখেছিলেন। সেই ধারাবাহিকতায় আগামীতেও ইতিবাচক পরিবর্তন সম্ভব। এ সময় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিরা জানান, বাংলাদেশের জাতীয় আইনি কাঠামো এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক নির্বাচনী মানদণ্ডের ভিত্তিতে সংসদীয় নির্বাচন মূল্যায়ন করা হয়েছে। গত ১৪ই ফেব্রুয়ারি ঢাকায় মিশন তাদের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ ও সংবাদ সম্মেলন করেছে। নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পর বিস্তারিত চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে, যেখানে ভবিষ্যৎ নির্বাচনী ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে।
মতবিনিময় শেষে মেয়র দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরাই বিএনপি সরকারের উন্নয়ন মিশন ও ভিশন বাস্তবায়নে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।






কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন