যুক্তরাষ্ট্রে নৃশংসভাবে দুই শিক্ষার্থীকে খুনের ঘটনায় বিচার চেয়েছে বাংলাদেশ। দ্রুত তদন্ত করে ‘হত্যাকারীকে’ খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে ঢাকা। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বলেছেন, আমরা দাবি করব বাংলাদেশ থেকে এবং মন্ত্রণালয় থেকে, যাতে যুক্তরাষ্ট্র এর তদন্তটা ভালোমত করে, দ্রুততার সঙ্গে করে। যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে, সেটা বের করে যেন তাদের বিচারের আওতায় আনা হয়। সেটা অবশ্যই আমরা চাইব।
এর আগে গত ১৬ এপ্রিল নিখোঁজ হন যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। পরে গত শুক্রবার লিমনের লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ। এরপর নাহিদা সুলতানার খুনের বিষয়টিও নিশ্চিত করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, নাহিদার লাশ এখনও পাওয়া যায়নি। এই ঘটনায় লিমনের রুমমেট ২৬ বছর বয়সী মার্কিন নাগরিক হিশাম আবুগারবিয়াহকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। আটককৃতের বিরুদ্ধে পরিকল্পিত হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে।
এই হত্যাকাণ্ডের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়, এফবিআই ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে যোগাযোগ হচ্ছে বলে জানিয়েছে ঢাকা। এছাড়া নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সঙ্গেও যোগাযোগ হচ্ছে। শামা ওবায়েদ বলেন, ব্যক্তিগতভাবে দুজনের পরিবারের সঙ্গে আমি কথা বলেছি। বৃষ্টির লাশ উদ্ধার ও উভয়ের লাশ দেশে ফেরানোর বিষয়ে শামা ওবায়েদ বলেন, ময়নাতদন্ত এবং অন্যান্য আইনি প্রক্রিয়া শেষ হলে মৃতদেহ ফেরানো হবে। সে ক্ষেত্রে সরকার সহযোগিতা দেবে। এক্ষেত্রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহযোগিতা করছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
