মানবতাবিরোধী অপরাধের মামলায় আ‘লীগের ৩ হেভিওয়েট নেতার জামিন দেয়নি ট্রাইব্যুনাল

মানবতাবিরোধী অপরাধের মামলায় আ‘লীগের ৩ হেভিওয়েট নেতার জামিন দেয়নি ট্রাইব্যুনাল

ফন্ট সাইজ:

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ আওয়ামীলীগের ৩ জন হেভিওয়েট নেতার জামিন আবেদন না মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল-১। আসামিপক্ষের আইনজীবীদের দাবী, গত দেড় বছরেও মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি প্রসিকিউশন। কিন্তু কোনো মামলায় আসামি গ্রেপ্তারের এক বছরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা না দিলে জামিন পেতে পারেন। তাই তাদের জামিন দেয়া উচিত। এছাড়া মানবিক দিক বিবেচনায় হলেও যেনো জামিন দেয়া হয় সে আবেদন করেন তারা। পরে মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল এবং পরবর্তী শুনানির জন্য আগামী ২৬শে জুলাই দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন। প্যানেলের অপর সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এ মামলায় প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মামলায় দীপু মনি ছাড়া অন্য দু‘জন আসামি হলেন- সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মিজানুর রহমানআইনজীবী সিফাত মাহমুদ: এদিন মামলার আসামি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী সিফাত মাহমুদ। তিনি দীপু মনির জামিন আবেদন করেন। একইসঙ্গে দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ অসুস্থ এবং তিনি দীপু মনির সঙ্গে দেখা করার অনুমতি চান ট্রাইব্যুনালের কাছে। শুনানি শেষে ট্রাইব্যুনাল জামিন আবেদন না মঞ্জুর করেন এবং স্বামী তৌফিক নেওয়াজ কে দেখা করার আবেদন মঞ্জুর করেন। অনুমতি পাওয়ার পর ট্রাইব্যুনালের প্রধান ফটক দিয়ে হুইলচেয়ারে করে তৌফিক নেওয়াজকে হাজতখানায় নেয়া হয়। সেখানে তিনি স্বল্প সময়ের জন্য স্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাৎ ও আলাপ করেন। এরপর আবারও তাকে নিয়ে যাওয়া হয়। এবং মামলার আগ্রগতি প্রতিবেদন দাখিল ও পরবর্তী শুনানির জন্য প্রসিকিউশন ৬ মাস সমং চান। এটির বিরোধীতা করেন আসামিপক্ষ। তাদের দাবী আগামি মে মাসে যেনো পরবর্তী শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। উভয়পক্ষের শুনানি শেষে আগামী ২৬শে জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১।

প্রতিমন্ত্রী কামালের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মিজানুর রহমান: সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের জামিন শুনানি করেন আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। তিনি বলেন, বর্তমানে পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কামাল মজুমদার। বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় তার ওজন কমতে কমতে নাজুক অবস্থা। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় আমার ক্লায়েন্ট নিজেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক সিদ্ধান্ত নিয়ে বিরোধিতা করেছিলেন। এজন্য তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি। এছাড়া ট্রাইব্যুনালের মামলায় তিনি দেড় বছর ধরে কারাবন্দি। অথচ এ সময়ে তার বিরুদ্ধে কোনো অভিযোগই দেখাতে পারেনি প্রসিকিউশন।

মিজানুর রহমান আরও বলেন, কামাল মজুমদারের বর্তমান অবস্থা সংকটাপন্ন। যেকোনো মুহূর্তে কিছু ঘটে যেতে পারে। তাকে একটু বাঁচতে দিন। মানবিক দিক বিবেচনায় হলেও তিনি জামিন পাওয়ার যোগ্য। এ সময় ট্রাইব্যুনাল বলেন, এ মুহূর্তে জামিন দিলেও তাকে হাসপাতালে থাকতে হবে। জবাবে আইনজীবী মিজানুর রহমান বলেন, মাননীয় আদালত, সেটা ভিন্ন জিনিস। আমরা এ মুহূর্তে তার জামিন চাই। শুনানি শেষে কামাল মজুমদারের স্বাস্থ্য প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এছাড়া তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল এবং পরবর্তী শুনানির জন্য আগামী ২৬শে জুলাই দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

তৌফিক-ই ইলাহী চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ আলী আহমেদ খোকন: ট্রাইব্যুনালে আইনজীবী খোকন বলেন, আমার ক্লায়েন্ট তৌফিক-ই ইলাহী শুধুমাত্র একজন উপদেষ্টা ছিলেন। তিনি ১৪ দলের কেউ নন। ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারের কোনো বৈঠকে তিনি উপস্থিত ছিলেন না। এরপরও তিনি ১৭ মাস ধরে কারাগারে রয়েছেন। এছাড়া ট্রাইব্যুনালের কোনো মামলায় আসামি গ্রেপ্তারের এক বছরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা না দিলে জামিন পেতে পারেন। তাই তাকে জামিন দেয়া উচিত। এ সময় চিফ প্রসিকিউটরকে শুনতে চান ট্রাইব্যুনাল। তিনি আরও সময় চান। এর মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান তিনি। উভয়পক্ষের শুনানি শেষে আগামী ২৬শে জুলাই এ মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন