নোয়াখালী-৬ আসন

ধানের শীষ সমর্থকের দোকানে আগুন, কোটি টাকার সম্পদ ভস্মীভূত

ফন্ট সাইজ:

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ধানের শীষের এক সমর্থকের দোকানে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। রাতের আঁধারে দেওয়া এই আগুনে ৭টি দোকান, একটি মাইক্রোবাস ও দু’টি সিএনজি সহ প্রায় কোটি টাকার সম্পদ পুড়ে গেছে। রোববার ভোরে উপজেলার মুলা মার্কেট এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সবক’টি দোকানের মালিক চরঈশ্বর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কালাম সরদার। সংবাদ পেয়ে ভোরেই ঘটনাস্থল পরিদর্শন করেন নোয়াখালী-৬ (হাতিয়া) ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি এই ঘটনার জন্য এনসিপি’র নেতাকর্মীদের দায়ী করেন।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক ৩টার দিকে আগুন দেখে সবাই ছুটে আসে। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই পুড়ে ছাই হয়ে যায় ৭টি দোকানের সকল মালামাল ও পাশের গ্যারেজে থাকা দু’টি সিএনজি ও একটি মাইক্রোবাস। দোকানের মালিক কালাম সরদার বলেন, তিনি ধানের শীষের সমর্থনে নির্বাচন করেন। গত কয়েকদিন ধরে প্রতিপক্ষের লোকজন তাকে দেখে নেবে বলে হুমকি দিয়ে আসছিল এবং দোকানে আগুন দেবে বলেও হুমকি দেয়। গভীর রাতে মোবাইলে লোকজন তাকে দোকানে আগুন দেওয়া হয়েছে বলে জানায়। এসে দেখেন সব পুড়ে ছাই হয়ে গেছে। এই বিষয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, ধানের শীষের পক্ষে নির্বাচন করার কারণে প্রতিপক্ষের লোকজন এই কাজটি করেছে। তিনি এই ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন