জাকার্তার জিবিকে টার্ফে আজ লেখা হলো বাংলাদেশের নারী হকির এক সোনালি ইতিহাস। এশিয়ান গেমস বাছাইপর্বের শেষ ম্যাচে হংকংকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো লাল-সবুজের মেয়েরা। এই জয়ের ফলে বাছাইপর্বে নিজেদের অভিষেক আসরেই এশিয়ান গেমসের মূল পর্বে খেলার টিকিট কাটলো অর্পিতা-আইরিনরা।
আম্পায়ারের বাঁশি বাজার পর প্রথম মিনিটে ল মে মেলিসার ফিল্ড গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। গোল হজমের পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে জাকির হোসেন রাজুর শিষ্যরা। ১০ মিনিটের সময় নাদিরা ইমার দুর্দান্ত এক ফিল্ড গোলে সমতায় ফেরে বাংলাদেশ।
বিরতির পর দু’দলই জয় পেতে মরিয়া হয়ে লড়ে। ৩৯ মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন কনা আক্তার। তার চমৎকার এক ফিল্ড গোলে লিড নেয় বাংলাদেশ। ম্যাচের বাকি সময় এই লিড আগলে রেখে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে মেয়েরা। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়েও এগিয়ে গেলো বাংলাদেশ।
বাছাইপর্বের সেরা চার দল এশিয়ান গেমসের মূল পর্বে খেলার সুযোগ পাবে। সেমিফাইনালে পা রাখায় বাংলাদেশের সেই স্বপ্ন এখন সত্যি। শক্তিশালী চাইনিজ তাইপের সঙ্গে ড্র এবং উজবেকিস্তান ও হংকংকে হারিয়ে অপরাজিত থেকে শেষ চারে জায়গা করে নিলো লাল-সবুজ প্রতিনিধিরা। ২৮শে এপ্রিল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।
