এসএসসি ও সমমান পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন ‘আমি আশা করব গুজব ছড়ানোর আগে যেন একটু ভেরিফাই করে নেয়া হয়।’ রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি তো আমার সকল মিডিয়া ভাইবোনদের জিজ্ঞেস করতে পারি আপনাদের ইনফরমেশনটা কী? মূলত আমরা তো আপনাদের অপেক্ষায় থাকি। কিন্তু গুজব ছড়ায় কে? আপনাদের সতীর্থরাই তো! আমি আশা করব গুজব ছড়ানোর আগে যেন একটু ভেরিফাই করে নেয়া হয়।’
‘এটা আপনারা ইতিমধ্যেই জেনেছেন তাই না? ধন্যবাদ।’
বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে ‘প্রশ্নপত্র ফাঁস’ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে আ ন ম এহসানুল হক মিলন বলেন, ‘টেলিগ্রাম গ্রুপে ম্যানুভার করছে, ম্যানিপুলেট করছে, গুজব ছড়াচ্ছে। কিন্তু এটা মিডিয়ারা শেয়ার করছে কেন? তাই না, এটাতো আপনি না করলেও পারতেন।’
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারও দায়িত্ব রয়েছে একটি নিউজ দেয়ার আগে সেটাকে ভেরিফাই করা। তাই না আপনাদের সকলের কি দায়িত্বটা আছে না।’
