এজের রেকর্ড গড়া গোলে শীর্ষে ফিরলো আর্সেনাল

এজের রেকর্ড গড়া গোলে শীর্ষে ফিরলো আর্সেনাল

ফন্ট সাইজ:

ইংলিশ প্রিমিয়ার লীগে টানা দুই হারের পর জয়ের মুখ দেখলো আর্সেনাল। শনিবার ঘরের মাঠে নিউক্যাসেল ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করলো গানাররা। এবেরেচি এজের জয়সূচক একমাত্র গোলটিতে অনন্য রেকর্ড গড়লো মিকেল আর্তেতার দল। চলতি মৌসুমে কর্নার থেকে এটি ছিল তাদের ১৭তম গোল। প্রিমিয়ার লীগের ইতিহাসে এক মৌসুমে কর্নার থেকে করা সর্বোচ্চ গোলের রেকর্ড এটি।
ম্যাচের নবম মিনিটে কর্নার থেকে দুর্দান্ত পরিকল্পনায় গোলটি করেন এজে। কাই হাভার্টজের পাস ডি-বক্সের বাইরে বল পেয়ে চোখধাঁধানো শটে লক্ষ্যভেদ করেন এই ইংলিশ মিডফিল্ডার।

চলতি মৌসুমে এটি এজের দশম গোল। বুধবার বার্নলিকে হারিয়ে ম্যানচেস্টার সিটি শীর্ষে উঠে যায়। ফলে গত অক্টোবর থেকে চলা আর্সেনালের রাজত্বের সাময়িক অবসান ঘটে। তবে নিউক্যাসেলের বিপক্ষে এই জয়ে ৩৪ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে আবারও সিংহাসন ফিরে পেলো গানাররা। এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পেপ গার্দিওলার সিটি। ম্যাচের পর গানার কোচ আর্তেতা বলেন, ‘এই লীগ (শিরোপা) জেতা কতটা কঠিন, আমরা জানি। এই মৌসুমে আমাদের আরও পয়েন্ট জোগাড় করতে হবে। তাই আমরা সত্যিই খুব কষ্ট করছি।’

ম্যাচে ফেরার চেষ্টা করলেও আর্সেনাল গোলকিপার ডেভিড রায়ার দেয়াল ভাঙতে পারেনি নিউক্যাসেল। বিশেষ করে, সান্দ্রো তোনালির দূরপাল্লার শট রুখে দিয়ে ক্লিনশিট নিশ্চিত করেন রায়া। যদিও সিটির হাতে একটি ম্যাচ বেশি থাকায় শিরোপার ভাগ্য এখনও তাদের হাতে রয়েছে। তবে আগামী ৪ঠা মে আর্সেনাল এভারটনের মুখোমুখি হওয়ার আগে কোনো লীগ ম্যাচ খেলবে না সিটি। এ সুযোগে আগামী সপ্তাহে ফুলহ্যামকে হারিয়ে ব্যবধান বাড়ানোর সুযোগ থাকছে আর্সেনালের।
লীগ লড়াইয়ের মাঝে আগামী বুধবার চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে আর্সেনাল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন