দিনাজপুর-৫ আসনে জাপাসহ চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফন্ট সাইজ:

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সাত প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির (জাপা) প্রার্থীসহ চারজন প্রার্থী নির্ধারিত ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কোনো আসনে প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে প্রার্থীর ৫০ হাজার টাকার জামানত বাজেয়াপ্ত হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ হাছান জানান, এ আসনে ১৪১টি কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৭৭ হাজার ৫১৬ জন। এর মধ্যে ৩ লাখ ৩৮ হাজার ৬৩৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদানের হার ৭১ দশমিক ৯৩৫ শতাংশ। প্রদত্ত ভোটের হিসাবে ন্যূনতম ৪২ হাজার ৩২৯ ভোট না পাওয়ায় চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। জামানত হারানো প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির মো. কাজী আব্দুল গফুর লাঙ্গল নিয়ে পেয়েছেন এক হাজার ৪৭২ ভোট, স্বতন্ত্র প্রার্থী এস এম জাকারিয়া বাচ্চু কলস প্রতীক নিয়ে পেয়েছেন চার হাজার ৭০৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. হযরত আলী বেলাল হরিণ প্রতীকে পেয়েছেন দুই হাজার ৯৮৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মো. রুস্তম আলী (মোটরসাইকেল) পেয়েছেন ৫৬২ ভোট। এদিকে, স্বতন্ত্র (বিএনপি’র বিদ্রোহী পরে দল থেকে বহিষ্কৃত) প্রার্থী এ জেড এম রেজওয়ানুল হক তালা প্রতীকে এক লাখ ১৩ হাজার ৬৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত-এনসিপি জোটের প্রার্থী ডা. আব্দুল আহাদ শাপলা কলি প্রতীকে পেয়েছেন এক লাখ ৮ হাজার ৯৪৮ ভোট। বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৭২৭ ভোট। ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানান নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন