চোটের কবলে লিভারপুলে সালাহ যুগের সমাপ্তি

চোটের কবলে লিভারপুলে সালাহ যুগের সমাপ্তি

ফন্ট সাইজ:

অ্যানফিল্ডের তপ্ত রোদে মোহাম্মদ সালাহ যখন খুঁড়িয়ে মাঠ ছাড়ছিলেন, তখন গ্যালারিত করতালির ভিড়েও ছিল একরাশ স্তব্ধতা। ইংলিশ প্রিমিয়ার লীগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-১ গোলের জয়ের আনন্দ ম্লান হয়ে গেছে লিভারপুলের মিশরীয় রাজার অশ্রুসিক্ত বিদায়ে। মিশর জাতীয় দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, হ্যামস্ট্রিংয়ের মারাত্মক চোটের কারণে চলতি মৌসুমে অলরেডদের আর মাঠে নামা হচ্ছে না সালাহর। অর্থাৎ, লিভারপুলের জার্সিতে নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন তিনি।

ম্যাচের ৬০তম মিনিটে ট্রেডমার্ক দৌড় দিতে গিয়ে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগে সালাহর। মাঠেই বসে পড়েন তিনি। ৯ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি যে এভাবে হবে, তা হয়তো কল্পনাও করেনি লিভারপুল সমর্থকরা। ম্যাচ শেষে মিশর জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসান বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেন, সালাহর হ্যামস্ট্রিংয়ে ‘টিয়ার’ ধরা পড়েছে। ফলে তাকে অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ইব্রাহিম হাসান বলেন, ‘সালাহ হ্যামস্ট্রিং চোটে আক্রান্ত এবং তার সুস্থ হতে চার সপ্তাহ লাগবে। লিভারপুলের জার্সিতে প্যালেসের বিপক্ষে ম্যাচটিই ছিল তার শেষ ম্যাচ।’ তবে তিনি আশ্বস্ত করেছেন যে, ২০২৬ বিশ্বকাপে বেলজিয়াম, নিউজিল্যান্ড ও ইরানের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে জাতীয় দলের হয়ে সালাহকে পাওয়া যাবে।

লিভারপুল কোচ আর্নে স্লট আবেগপ্রবণ কণ্ঠে বলেন, ‘সালাহ নিজের শরীর নিয়ে প্রচণ্ড সচেতন। সে যখন মাঠ ছাড়তে বাধ্য হয়, তখনই বোঝা যায় যে চোট গুরুতর। আমরা যদি ৬-০ গোলে এগিয়ে থাকতাম এবং আমি তাকে দুই মিনিট আগে তুলে নিতাম, তাতেও সে অখুশি হতো। কারণ সে আরও গোল করতে চায়।’ তখনই ৩৩ বছর বয়সী এই তারকার বিদায়ের ইঙ্গিত শোনা যায় স্লটের কণ্ঠে। তিনি বলেন, ‘সত্য বলতে, সে যখন মাঠ থেকে উঠছিল, আমারও সেটিই (সম্ভাব্য শেষ ম্যাচ) মনে হচ্ছিল। তার মনেও এটি গেঁথে আছে যে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। তবে আমরা তাকে আবারও এখানে খেলতে দেখতে আশাবাদী।’

চলতি মৌসুমে ২১টি গোল ও অ্যাসিস্ট করলেও, সালাহর ব্যক্তিগত ফর্ম ছিল পড়তির দিকে। স্লটের সাথে কথা কাটাকাটি এবং শিরোপাহীন এক মৌসুমের শেষে এমন বিদায়কে ‘ট্র্যাজিক’ বলছেন ফুটবল বিশ্লেষকরা। লিভারপুলের হয়ে ৪৩৯ ম্যাচে ২৫৭ গোলই থাকলো সালাহর খাতায়। আগামী ২৪শে মে ব্রেন্টফোর্ডের বিপক্ষে লীগের শেষ ম্যাচ খেলবে লিভারপুল। সেদিন মাঠে না নামলেও, গ্যালারিতে উপস্থিত থেকে ভক্তদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দেবেন সালাহ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন