প্রেসিডেন্টের সঙ্গে দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নেয়া ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের জন্য হোয়াইট হাউসে করেসপন্ডেন্টস ডিনারে গুলির ঘটনা ‘মানসিকভাবে আঘাতমূলক’ এক অভিজ্ঞতা। শনিবারের ওই ঘটনার পর হোয়াইট হাউস ব্রিফিং রুমে প্রেসিডেন্টের সঙ্গে ভাইস প্রেসিডেন্টসহ প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রীদের মতো শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে বিশেষভাবে নজর কাড়েন একজন। তিনি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তার স্বামীর মতোই গুলির ঘটনার সময় মঞ্চ থেকে তাকেও সরিয়ে নেয়া হয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডনাল্ড ট্রাম্প তার স্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটা তার জন্য বেশ আঘাতমূলক অভিজ্ঞতা। খুব দ্রুত অনেক কিছু ঘটছিল, তবে আবারও বলছি, প্রতিক্রিয়ার গতি ছিল সত্যিই অবিশ্বাস্য।
এর আগে পেনসিলভানিয়ার বাটলার কিংবা ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ঘটে যাওয়া দুইটি হত্যাচেষ্টার সময় মেলানিয়া ট্রাম্প তার স্বামীর পাশে ছিলেন না। তবে শনিবারের ঘটনা তার অবস্থানের নিরাপত্তা ঝুঁকিকে স্পষ্টভাবে সামনে নিয়ে এসেছে। ডনাল্ড ট্রাম্প বলেন, সে আমাকে বহুবার বলেছে- তুমি একটি বিপজ্জনক কাজ করছ। কিন্তু এটি তার ক্ষেত্রেও প্রযোজ্য। মানে, তার জন্যও এটি বিপজ্জনক। তিনি আরও বলেন, শনিবার রাতে আমরা বসে ছিলাম, আমরা সেই শব্দটি শুনলাম- এটি হয়তো ট্রে ছিল, অথবা গুলি। আমি ভেবেছিলাম, আশা করছিলাম এটা ট্রে হবে। কিন্তু তা ছিল না। পরে এক সাংবাদিক ফার্স্ট লেডির কাছে জানতে চান, তিনি এ রাতের ঘটনা নিয়ে নিজস্ব কোনো মন্তব্য করবেন কি না। তবে তিনি সে বিষয়ে কিছু বলতে রাজি হননি।
