জামায়াতের সঙ্গে বেশি ভোটের ব্যবধানের চমক নাসের রহমানের

ফন্ট সাইজ:

মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে এম নাসের রহমান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৬ হাজার ৭৫৭ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে পান ৭৭ হাজার ৬৩৬ ভোট। ভোটের ব্যবধান ৭৯১২১ ভোট। যা জেলার ৪টি আসনের মধ্যে জামায়াতের সঙ্গে বিএনপি’র প্রার্থীর সবচেয়ে বেশি ভোটের ব্যবধান। প্রবাসী ও পর্যটন অধ্যুষিত চায়ের রাজ্য খ্যাত মৌলভীবাজার জেলার ৪টি আসনেই বিএনপি’র জয়জয়কার। দীর্ঘদিন পর এমন ভূমিধস বিজয়ে এ জেলার বিএনপি’র নেতাকর্মীরা আনন্দে উজ্জীবিত।
জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের নিজ জেলায় বিএনপি’র প্রার্থীদের নিরঙ্কুশ বিজয়ের নেপথ্যে জোরালো ভূমিকা ও দিক-নির্দেশনামূলক নেতৃত্বে ছিলেন এম. নাসের রহমান। জেলার আসনগুলোতে জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাই ও তাদের বিজয়ের জন্য মাঠের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তার সঙ্গে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ। নাসের রহমানের এমন সঠিক নেতৃত্ব, দিক-নির্দেশনা ও সিন্ধান্তে জেলার ৪টি আসনে ভূমিধস বিজয় পায় বিএনপি। এমন মন্তব্য এখন জেলার তৃণমূলের নেতাকর্মীদের। জেলাজুড়ে দলের জন্য তার এমন দক্ষ, গ্রহণযোগ্য, গুরুত্বপূর্ণ ও চমকপ্রদও ভূমিকার বিরোধী মতের দু’-একটি রাজনৈতিক দলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তারা রাজনৈতিক কলাকৌশলের প্রতিযোগিতায় পাল্লা দিতে না পেরে তাকে নানাভাবে ঘায়েল ও জনগণের কাছে থেকে দূরে রাখতে মরিয়া হয়ে উঠে। তার বিরুদ্ধে নানা কুৎসা ও মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়। নাসের রহমানের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার শুরুর আগে থেকেই একটি মহল সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালায়।
বিভিন্ন জনসভা ও দলীয় সভায় তার বক্তব্যের নানা খণ্ড অংশের ভিডিও ভাইরাল করে ভোটারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির অপপ্রয়াস চালায়। এমনকি তার সমর্থক ও দলের নেতাকর্মীদের নিয়ে বিভ্রান্তিমূলক নানা মিথ্যা তথ্য ও কুৎসা রটানো হয়। কিন্তু তাদের সকল অপপ্রচার ও কুৎসার জবাব ভোটের মাধ্যমে দিয়ে তার প্রতি ও তার পরিবারের প্রতি ভালোবাসা দেখিয়েছে মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের জনগণ। এমনটিই তার প্রাপ্ত ভোটেই প্রমাণ। এমনটিই বলছেন বিএনপি’র নেতাকর্মী ও স্থানীয় জনগণ। মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনসহ জেলাবাসী বলছেন এম. নাসের রহমান তার মরহুম পিতা সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী জনপ্রিয় নেতা এম. সাইফুর রহমানের মতো জনগণের ভালোবাসা ও আস্থা নিয়ে রাজনৈতিক অঙ্গনে এগিয়ে যাবেন এমপি হয়েছেন, মন্ত্রী হবেন এমনটি প্রত্যাশা তাদের। তারা তাকে মন্ত্রী হিসেবে পেতে দলের চেয়ারম্যান তারেক রহমান ও দলের হাইকমান্ডের কাছে জোর দাবি জানাচ্ছেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন