গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার

ফন্ট সাইজ:

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কার খবর ছড়িয়ে পড়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ সদর দপ্তরের সতর্কতামূলক নির্দেশনা জারি করা একটি চিঠিও ভাইরাল হয়েছে। নিষিদ্ধঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের যোগাযোগের তথ্য পাওয়ার পর এই নির্দেশনা জারি করা হয়। সতর্কতা জারি করা চিঠি পুলিশের মাঠ পর্যায়ের সব ইউনিটে পাঠানো হয়েছে। এরপর থেকে দেশের গুরুত্বপূর্ণ সকল স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। কী প্রক্রিয়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, কী কী পদক্ষেপ নেয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি।

পুলিশ সদর দপ্তর থেকে ২৩শে এপ্রিল বিভিন্ন ইউনিটে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া নিষিদ্ধঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদের (যিনি সামী, আবু বক্কর ও আবু মোহাম্মদ নামেও পরিচিত) সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তাদের কর্মকাণ্ড দেশের সার্বিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছে পুলিশ। সংশ্লিষ্ট ব্যক্তিরা জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনীর সদস্য বা স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র, শাহবাগ চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা বিস্ফোরণ বা ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনা করতে পারে বলে আশঙ্কা রয়েছে। পাশাপাশি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনাও তারা নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ পরিস্থিতিতে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করার জন্য সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে নজরদারি বাড়ানো এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, গতকাল এক সংবাদ সম্মেলনে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন বলেছেন, আমরা এই তথ্য পেয়েছি, আমাদের সিটিটিসি, সাইবার ইন্টিলিজেন্সসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছি। মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে, এটার জন্য আপনারা কি করছেন জানতে চাইলে তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমরা কাজ করছি। কীভাবে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, এটা গোপনীয় বিষয়। ৫ই আগস্ট পরবর্তী দেশে কোনো জঙ্গি নেই বলে জানিয়েছিলেন ডিএমপি কমিশনার। সম্প্রতি জঙ্গি হামলার শঙ্কার মধ্যে বাংলাদেশে জঙ্গি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা এটা নিয়ে কাজ করছি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন