সিলেট নগরীর পাঠানটুলাস্থ তারাপুর চা-বাগানের গৌর নিতাই মন্দিরে দুর্বৃত্তদের হামলার ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি’র সভাপতি (ভারপ্রাপ্ত) ও সিসিক’র সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। তিনি এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। রোববার ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শনকালে কয়েস লোদী বলেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির পুণ্যভূমি। এখানে সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে। মন্দিরে হামলার মতো অপ্রীতিকর ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না। সম্প্রীতির সিলেটকে অটুট রাখতে প্রতিটি ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তিনি স্থানীয় প্রশাসনকে এই ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর আহ্বান জানান। পরিদর্শনকালে তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন, টুকেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজীব, মহানগর ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক রাহুল সেন সৌরভ, তারাপুর চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি চৈতন্য মোদি, সাধারণ সম্পাদক সুনীল মোদি, কোষাধ্যক্ষ রঞ্জন মোদি প্রমুখ। এ সময় মন্দির পরিচালনা কমিটি ও স্থানীয় চা-বাগানবাসী ঘটনার বর্ণনা দেন এবং এলাকায় নিরাপত্তা বৃদ্ধির দাবি জানান। কয়েস লোদী বাগানবাসীর খোঁজখবর নেন এবং যেকোনো পরিস্থিতিতে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
তারাপুরে মন্দির পরিদর্শনে সিলেট বিএনপি নেতারা
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
