চীনের সানিয়ায় চলমান এশিয়ান বিচ গেমস নারী কাবাডিতে টানা দুই ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। দারুণ এ নৈপুণ্যে সেমিফাইনালের সঙ্গে টুর্নামেন্টে লাল-সবুজ প্রতিনিধিদের অন্তত একটি পদক নিশ্চিত হয়েছে ।
গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে শুরু থেকে চাপে রাখে বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধে লড়াইয়ে আভাস দিয়ে বাংলাদেশের সামনে তেমন প্রতিরোধ গড়তে পারেনি চাইনিজ তাইপে। ২৫-১১ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে চাইনিজ তাইপের রক্ষণভাগ ভেঙে একের পর এক পয়েন্ট তুলে নিয়ে ব্যবধান বাড়ায় লাল-সবুজ প্রতিনিধিরা। শেষ পর্যন্ত ৫৯-২০ পয়েন্টের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। এর আগে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ড নারী কাবাডি দলকে ৫১-৩৪ পয়েন্টে হারিয়ে শুভসূচনা করে বাংলাদেশ।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সেমিফাইনালে উঠলে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়। ফলে বাংলাদেশের পদক পাওয়া এখন নিশ্চিত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ নেপাল নারী কাবাডি দলের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হবার লড়াইয়ে এই ম্যাচটি গুরুত্বপূর্ণ। মেয়েরা সাফল্য পেলেও পুরুষ কাবাডি দলের পারফরম্যান্স হতাশাজনক। টানা দুই ম্যাচে হেরেছে তারা। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর গতকাল ইরানের বিপক্ষে ৪৭-৩১ পয়েন্টে পরাজিত হয় বাংলাদেশ পুরুষ কাবাডি দল।
