ফর্টিস এফসিকে হারিয়ে বসুন্ধরা কিংসকে ছুঁয়ে ফেলছিল আবাহনী লিমিটেড। তবে সেই আনন্দ দীর্ঘস্থায়ী হলো না । একদিন পরই ব্রাদার্সকে ১-০ গোলে হারিয়ে আবাহনীর সঙ্গে তিন পয়েন্ট ব্যবধান করলো কিংস। জয়সূচক একমাত্র গোলটি করেন ডোরিয়েলটন গোমেজ। ১৪ ম্যাচে কিংসের পয়েন্ট এখন ৩১। সমান ম্যাচে আবাহনীর সংগ্রহ ২৮ পয়েন্ট। গতকাল দিনের আরেক ম্যাচে পিডব্লিউডিকে ৩-১ গোলে হারায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। ভারপ্রাপ্ত কোচের দায়িত্বে থাকা আবদুল কাইয়ুম সেন্টুর অধীনে লীগে মোহামেডানের এটি টানা দ্বিতীয় জয়। কিংস অ্যারেনায় ব্রাদার্সের দেয়াল হয়ে ছিলেন গোলরক্ষক ইসহাক আনন্দ।
চারটি দুর্দান্ত চেষ্টা প্রতিহত করেন ৬ ফুট উচ্চতার এই গোলরক্ষক। ?ম্যাচের নবম মিনিটেই সুযোগ তৈরি করে কিংস। ফাহিমের ক্রসে সাব্বির হেড করলেও বল চলে যায় পোস্টের উপর দিয়ে। ১২ মিনিটে আলমগীর গাজীকে ফাউল করে কিংসের সোহেল রানা সিনিয়র হলুদ কার্ড দেখেন। ১৭ মিনিটে ফাহিমের জোরালো শট আটকান ইসহাক। তবে ২২ মিনিটে ডেডলক ভাঙে কিংস। ইয়াসিন সিফাতের ভুল পাসে বক্সের সামনে বল পান সাদ। তার কাটব্যাক থেকে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন ডোরিয়েলটন। ২৮ মিনিটে বক্সের একটু সামনে হাত দিয়ে বল ধরেন কিংস গোলকিপার জিকো। জামালের নেওয়া ফ্রি-কিক লাফিয়ে কর্নার করে বিপদ সামাল দেন তিনি। বিরতির ঠিক আগে ৪১ মিনিটে ব্রাদার্স অধিনায়ক জামালের একটি আড়াআড়ি শট সাইড জালে লাগে।
১-০ ব্যবধানে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ পায় কিংস। ফাহিমের ক্রসে ডোরিয়েলটন হেড করলেও তা ফিরিয়ে দেন ইসহাক। ৫৪ মিনিটে সোহেল রানা জুনিয়রের থ্রু বল ধরে ফাহিমের নেয়া শট ঠেকান কিপার, ফিরতি শটে ডোরিয়েলটন চেষ্টা করলেও তা ব্লক করেন দিয়েরা। ৬৫ মিনিটে রাকিবের ক্রস থেকে ফাঁকা জালে বল জড়াতে ব্যর্থ হন ফাহিম। ৭১ মিনিটে সাদের কাটব্যাকে ডোরিয়েলটনের হেড ফিস্ট করে কর্নার করেন ইসহাক। শেষ পর্যন্ত ডোরিয়েলটনের ওই এক গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। গাজীপুরে পিডব্লিউডির বিপক্ষে ১৫ মিনিটে মোহামেডানকে এগিয়ে নেন জুয়েল মিয়া।
৮৫ মিনিটে আবদুল্লাহ সেই গোল শোধ করেন। ৮৯ মিনিটে পেনাল্টি পায় সাদা-কালোরা। সেখান থেকে গোল করেন উজবেক মিডফিল্ডার মোজাফফরভ। যোগ করা সময়ে রাফায়েল টুডুর গোলে ব্যবধান বাড়িয়ে নেয় মোহামেডান। গতবারের চ্যাম্পিয়নরা ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে এখন পাঁচে। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে নয়ে পিডব্লিউটি। কিংসের কাছে হারা ব্রাদার্সের পয়েন্টও ১৩, গোল ব্যবধানে এগিয়ে তারা আছে টেবিলের সাতে।
