বাংলাদেশের জার্সিতে খেলতে আসছেন তিন প্রবাসী ফুটবলার

বাংলাদেশের জার্সিতে খেলতে আসছেন তিন প্রবাসী ফুটবলার

ফন্ট সাইজ:

প্রবাসী প্রতিভা যুক্ত করার প্রক্রিয়া আরও জোরদার করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম এক ভিডিও বার্তায় জানিয়েছেন, যুক্তরাজ্য প্রবাসী দুই তরুণ ফুটবলার অ্যাডাম আব্বাস এবং জিদান ইউসুফ বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের দু’জনকেই সামনে থাকা এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই সামনে রেখে ক্যাম্পে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। ১৯ বছর বয়সী রাইট উইঙ্গার অ্যাডাম আব্বাস ইতিমধ্যে ইংল্যান্ডের শীর্ষ ক্লাবের বয়সভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি ম্যানচেস্টার ইউনাইটেড-এর যুব একাডেমিতে সময় কাটানোর পর বার্নলি এফসি অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলেছেন। চলতি বছরের মার্চে তিনি উইদেনশো ক্লাবে যোগ দেন। বাফুফে সূত্রে জানা গেছে, তার ভিডিও ফুটেজ ও পারফরম্যান্স বিশ্লেষণ করে টেকনিক্যাল টিম ইতিবাচক মতামত দিয়েছে। যদিও তার পাসপোর্ট প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি, তবে জুনের মধ্যেই তা শেষ হওয়ার আশা করা হচ্ছে।

আগস্টের শেষ দিকে বাছাইপর্বের ক্যাম্পে তাকে দেখতে চায় ফেডারেশন। অন্যদিকে ১৮ বছর বয়সী সেন্টারব্যাক জিদান ইউসুফ ইতোমধ্যে পাসপোর্ট সংক্রান্ত সব প্রক্রিয়া সম্পন্ন করেছেন। লন্ডনে জন্ম নেয়া এই ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার ডিফেন্ডার বর্তমানে ওয়ালটন এন্ড হের্শাম এফসি-এর মূল দলের হয়ে খেলছেন। তার পারফরম্যান্স নিয়েও ইতিবাচক মূল্যায়ন এসেছে এবং খুব শিগগিরই তাকে অনূর্ধ্ব-২০ দলের ক্যাম্পে ডাকা হবে বলে জানিয়েছেন ফাহাদ করিম। নারী ফুটবলেও একই ধারা বজায় রাখছে ফেডারেশন।

যুক্তরাজ্য প্রবাসী শাইলা মেদিনা আহমেদ বাংলাদেশ নারী জাতীয় দলের হয়ে খেলার সম্মতি দিয়েছেন। তবে আসন্ন নারী সাফ চ্যাম্পিয়নশিপে তাকে পাওয়া যাবে না বলে জানা গেছে। ভবিষ্যতে তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এদিকে সিনিয়র জাতীয় দলের জন্য বিবেচনায় থাকা আরেক প্রবাসী ফুটবলারের বিষয়েও কথা বলেন ফাহাদ করিম। যদিও নাম প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী ট্রেভর ইসলাম।

শুরুতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে সম্মতি দিলেও ব্যক্তিগত কারণে তিনি পাসপোর্ট প্রক্রিয়া আপাতত স্থগিত রাখতে অনুরোধ করেছেন। বাফুফে জানিয়েছে, তিনি সিদ্ধান্ত নিলে যেকোনো সময় প্রক্রিয়া পুনরায় শুরু করা হবে এবং সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে আবারও আলোচনা চালানোর পরিকল্পনা রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন