জাকার্তায় অর্পিতাদের ‘মিশন সেমিফাইনাল’ আজ

এশিয়ান গেমস নারী হকি বাছাই

জাকার্তায় অর্পিতাদের ‘মিশন সেমিফাইনাল’ আজ

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক হকিতে আবির্ভাবেই নজর কেড়েছে বাংলাদেশ নারী দল। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পুল ‘এ’তে এখন শীর্ষে অর্পিতা-আইরিনরা। এশিয়ান গেমস নারী হকির বাছাইপর্বে আজ নিজেদের শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে এক পয়েন্ট পেলে নতুন ইতিহাস লিখবে বাংলাদেশ। অর্থ্যাৎ, হংকংয়ের বিপক্ষে ড্র কিংবা জয় পেলে বাছাইপর্বে নিজেদের প্রথম আসরেই সেমিফাইনাল খেলবে লাল-সবুজ মেয়েরা। জাকার্তার জিবিকে টার্ফে ম্যাচ শুরু বিকাল সাড়ে ৫টায়। ইন্দোনেশিয়ার জার্কাতায় অভিষেক ম্যাচে শক্তিশালী চাইনিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্র করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ৩-২ গোলে ঐতিহাসিক জয় পায় লাল-সবুজ মেয়েরা। যেটি হকিতে বাংলাদেশের মেয়েদের প্রথম জয়। এবার অর্পিতাদের সামনে হংকংয়ের মেয়েরা। যারা হকির বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে ৩৪তম। সেমিফাইনালের মিশনে নামার আগে গতকাল অনুশীলন করেনি বাংলাদেশ।

টিম হোটেলে স্ট্রেচিং করেছে। দলের পরিস্থিতি জানিয়ে টিম ম্যানেজার ও বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলেন, ‘দলের সবাই সুস্থ আছে। হংকং শক্তিশালী হলেও আমাদের মেয়েরা আত্মবিশ্বাসী। আশা করি, হংকংয়ে হারিয়ে আমরা সেমিফাইনাল খেলবো।’ ইন্দোনেশিয়ায় আসার আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলেনি বাংলাদেশ। বিকেএসপিতে কোচ জাকির হোসেন রাজুর অধীনে দেড়মাসের ক্যাম্প করেই প্রস্তুতি সারে মেয়েরা। বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ না খেললেও বাছাইয়ে খেলতে আসার আগে ঘরের মাঠে চার জাতি সিরিজ খেলে হংকং। রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়া সিরিজের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ২-০ গোলে হারায় তারা। দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের সঙ্গে ২-২ গোলে ড্র করে হংকং। থাইল্যান্ডের বিপক্ষেও ১-১ গোলে ড্র করে তারা। এই পারফরম্যান্স বাছাইপর্বে ধরে রাখতে পারেনি হংকং।

নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে দলটি। দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের কাছে হংকং হারে ১-০ গোলে।এবারের এশিয়ান গেমস হকি বাছাইয়ে দুই গ্রুপে ভাগ হয়ে আটটি দল খেলছে। দুই গ্রুপে সেরা চার দল এশিয়ান গেমসের মূলপর্ব খেলার যোগ্যতা অর্জন করবে। টুর্নামেন্টের দুই সেমিফাইনাল হবে ২৮শে এপ্রিল, ফাইনাল ২৯ এপ্রিল। বাংলাদেশ যদি আজ হংকংকে হারাতে পারে কিংবা ড্র করে তবে প্রথমবার এশিয়ান গেমস হকির মূলপর্বে খেলবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন