শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ। গতকাল রাজশাহীতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিকদের দেয়া ২১৪ রানের লক্ষ্য ৭ উইকেটে হারিয়ে ছুঁয়ে ফেলে শ্রীলঙ্কা। এতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় সফরকারীরা। এর আগে প্রথম ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৪ উইকেটের জয়ে সিরিজে ১-১ এ সমতা ফেরায় শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। ওপেনার চামারি আতাপাত্তুকে ফেরান মারুফা আক্তার। এরপর দ্বিতীয় উইকেটে শতরানের জুটি গড়েন হাসিনা পেরেরা ও ইমেশা দুলানি। দুজনের ১০৮ রানের জুটিই জয়ের ভিত গড়ে দেয়। ব্যক্তিগত ৫৬ রানে দুলানি মারুফার শিকার হলে ভাঙে এই জুটি। কিন্তু এক প্রান্ত আগলে রেখে ওপেনার পেরেরা ১৩১ বলে ৯৫ রানের ইনিংস খেলেন। চারে নামা হার্শিতা সামারাবিক্রমা ৪৪ রানে অপরাজিত থাকেন। টাইগ্রেসদের পক্ষে মারুফা আক্তার নেন ২ উইকেট। এর আগে টস জিতে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ৩৪ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে টাইগ্রেসরা।
এরপর তৃতীয় উইকেটে শারমিন আক্তার ও নিগার সুলতানা জ্যোতির প্রতিরোধ গড়ে তোলেন। ব্যক্তিগত ১৭ রানে শারমিনের বিদায়ে দুজনের ৩৫ রানের জুটি ভাঙ্গে। এরপর বাংলাদেশ ইনিংসের হাল ধরেন সোবাহানা মোস্তারি ও জ্যোতি। চতুর্থ উইকেটে ৬৫ রানের জুটি গড়েন তারা। তবে মন্থর গতিতে ব্যাটিং করেন তারা। এই রান করতে খেলেন ১০৪ বল। দলীয় ১৩৪ রানে ৯০ বলে ৪০ রান করে জ্যোতি বিদায় নিলে ভাঙে চতুর্থ উইকেট জুটি। জ্যোতি ফিফটি করতে ব্যর্থ হলেও ফিফটি করেন মোস্তারি। ৬৭টি চারে ৬০ বলে ফিফটি ছোঁয়া মোস্তারি আউট হন ৭৪ রান করে। তার ইনিংসে ছিল ৮ বাউন্ডারি। শেষ দিকে ১৬ বলে ২০ রান করেন রিতু মনি।
নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৮ উইকেটে ২১৩ রান তুলে নিগার সুলতানা জ্যোতির দল। বল হাতে শ্রীলঙ্কা সবচেয়ে সফল বোলার কাভিশা দিলহারি। ৪৮ রান দিয়ে তিনি ৩ উইকেট নেন। ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ-শ্রীলঙ্কার মেয়েরা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ২৮ ও ৩০শে মে এবং ২রা এপ্রিল হবে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ।
