‘বাংলাদেশ এখন অনেক বেশি চ্যালেঞ্জিং দল’

ফন্ট সাইজ:

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতা বাংলাদেশ দলের পরবর্তী মিশন টি-টোয়েন্টি সিরিজ। এ সিরিজ শুরুর আগে কিউই শিবিরে যোগ দিয়েছেন অভিজ্ঞ লেগ স্পিনার ইশ সোধি। গতকাল সংবাদ সম্মেলনে আসেন তিনি। সেখানে বাংলাদেশ ক্রিকেট দলের প্রশংসা করেন ৩৩ বছর বয়সী এ কিউই ক্রিকেটার। ২০১৩ সালে প্রথমবার বাংলাদেশে সিরিজ খেলতে আসেন সোধি। সেই দলের চেয়ে এখনকার বাংলাদেশ দল অনেক পরিণত ও চ্যালেঞ্জিং মনে করেন তিনি। সোধি বলেন, ‘২০১৩ সালে যখন এসেছিলাম, তখন পুরো ভিন্ন দল ছিল। এখনকার দলের অনেকেই তখন ছিল না। বাংলাদেশ এখন নিজেদের কন্ডিশনে অনেক বেশি চ্যালেঞ্জিং। অনেকে নতুন হলেও তারা আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করছে। আমরা এই নতুন চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি।’ ওয়ানডে সিরিজে টাইগারদের পেস আক্রমণ দাপট দেখিয়েছে।

চার বাংলাদেশি পেসার মিলে নেন ২১ উইকেট। টি-টোয়েন্টি সিরিজেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে স্বাগতিকরা। এই সিরিজে বিশ্রামে থাকবেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। নাহিদ রানাও খেলছেন না। তাদের অনুপস্থিতিতে পেস আক্রমণ সামলাবেন চোট কাটিয়ে দলে ফেরা তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন, রিপন মন্ডল ও প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া আব্দুল গাফফার সাকলাইন। তারুণ্যনির্ভর এই আক্রমণ সামলানো নিউজিল্যান্ডের জন্য সহজ হবে না বলে মনে করেন সোধি। তিনি বলেন, ‘মোস্তাফিজ ও নাহিদ ভিন্ন ধরনের চ্যালেঞ্জ তৈরি করে। মোস্তাফিজের বিপক্ষে আগে খেলার অভিজ্ঞতা থাকায় কৌশল সাজানো সহজ, কিন্তু নতুন পেস অ্যাটাকের বিপক্ষে খেলাটা সবসময়ই ট্রিকি। এটা আমাদের জন্য একেবারেই নতুন এক অভিজ্ঞতা হতে যাচ্ছে।’ শেষ পাঁচ টি-টোয়েন্টিতে ১০ উইকেট নিয়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন। নিয়মিত বিদেশি লীগেও সুযোগ পাচ্ছেন। বিগব্যাশে খেলার পর কিছুদিন আগে পিএসএলে খেলেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে রিশাদের উন্নতির প্রশংসা করেন সোধি। তিনি বলেন, ‘রিশাদের সঙ্গে আমার কয়েকবার কথা হয়েছে। সে খুব মেধাবী বোলার এবং দিনদিন উন্নতি করছে।

আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ওর শুরুটা দারুণ হয়েছে। সাধারণত এশিয়ান লেগ স্পিনাররা লো এবং স্কিডি হয়, কিন্তু রিশাদ ঐতিহ্যবাহী লেগ স্পিনারদের মতো বাউন্স আদায় করে নিতে পারে। এ অঞ্চলে এমন বোলার অনেক দিন দেখা যায়নি। ওর ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।’

আগামীকাল বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল। ২৯শে এপ্রিল চট্টগ্রামেই দ্বিতীয় ম্যাচ এবং ২রা মে ঢাকায় হবে তৃতীয় টি-টোয়েন্টি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন