ভিন্ন আঙ্গিকের গানে রুনা লায়লা-বাপ্পা

ভিন্ন আঙ্গিকের গানে রুনা লায়লা-বাপ্পা

ফন্ট সাইজ:

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা নতুন গান এখন বেশ কম করেন। সবশেষ দীর্ঘ সময় পর শাকিব খানের ‘প্রিন্স’ ছবিতে ‘জ্বালা জ্বালা’ গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এবার ভিন্ন আঙ্গিকের গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন তিনি। বাংলা গজলধর্মী এই গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। গানটির শিরোনাম ‘অনায়াসে’।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় রুনা লায়লা নিজেই এ তথ্য জানান। তিনি বলেন, আমি একটি নতুন গান নিয়ে আসছি আপনাদের জন্য। গানটি নতুন আঙ্গিকে বাংলা গজল। এমনটি মনে হয় আগে কখনোই হয়নি। রুনা লায়লা জানান, শুরুতে গানটি এককভাবে গাওয়ার কথা ছিল তার। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।

তিনি বলেন, বাপ্পা আমাকে বলেছিল আন্টি, আপনার জন্য একটি গান করেছি। আপনি কি গাইবেন? আমি বলেছিলাম, অবশ্যই গাইবো। তবে গানটি শোনার পরই সিদ্ধান্ত বদলান এই কিংবদন্তি শিল্পী। তার ভাষায়, গানটি শুনে আমি আবার বাপ্পাকে ফোন করে বললাম- এই গানটা আমরা দু’জন একসঙ্গে গাই। ও প্রথমে অবাক হয়েছিল, বলেছিল- এটা কী বলছেন! পরে আমরা একসঙ্গে গানটি রেকর্ড করি। ‘অনায়াসে’ গানটির কথা লিখেছেন গালিব হাসান। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ১৬ তারিখ গানটি প্রকাশ করা হবে বলে জানান রুনা লায়লা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন