২০২২ ও ২০২৪ সালে পরপর দুবার সাফ শিরোপা জেতে বাংলাদেশ নারী ফুটবল দল। এবার তাদের সামনে হ্যাটট্রিক শিরোপা জেতার মিশন। এ মিশনের প্রস্তুতির জন্য চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে নিবিড় অনুশীলন করছে বাংলাদেশ দল। আগামীকাল ক্যাম্পে যোগ দেবেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ আনিকার ক্যাম্পে যোগদানের ব্যাপারটি আজ নিশ্চিত করেন।
বৃটিশ প্রধান কোচ পিটার বাটলারের অধীনে আফঈদা-আলপিদের নিয়ে দুইদিন আগে এ ক্যাম্প শুরু হয়। বাফুফের ক্যাম্পে বর্তমানে ৫০ জনের বেশি ফুটবলার থাকলেও চট্টগ্রামে সিনিয়র ফুটবলারদের নিয়ে গেছেন বাটলার। সেখানে তার সঙ্গী অস্ট্রেলিয়ান কন্ডিশনিং কোচ লর্ড ম্যাকরন এবং গোলরক্ষক কোচ মাসুদ হাসান উজ্জ্বল। চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে থাইল্যান্ড অথবা চীনে এক সপ্তাহের ক্যাম্প করার পরিকল্পনাও আছে বাফুফের। কদিন আগে এমনটাই জানান ফেডারেশনের একজন সহ-সভাপতি। তার আগে অবশ্য ভারতীয় ভিসার কাজ এগিয়ে রাখছে ফেডারেশন।
আগামী ২৫শে মে থেকে নারী সাফ গড়াবে ভারতের গোয়ায়। পাকিস্তান অংশগ্রহণ করবে না এই টুর্নামেন্টে। ছয় দল দুই গ্রুপে খেলবে। প্রতি দল দুটি করে ম্যাচ খেলবে। দুই ম্যাচ শেষে পয়েন্টে এগিয়ে থাকা দুই শীর্ষ দল সেমিফাইনাল খেলবে। ‘এ’ গ্রুপে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। আর গ্রুপ ‘বি’-তে বাংলাদেশ স্বাগতিক পড়েছে ভারতের সঙ্গে। তৃতীয় দলটি মালদ্বীপ।
গ্রুপ পর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। এরপর শীর্ষ দুই দল উঠবে সেমি-ফাইনালে। ২৮শে মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের পথচলা শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৩১শে মে দল মুখোমুখি হবে ভারতের। দুটি সেমিফাইনাল হবে ৩রা জুন। শিরোপার লড়াই ৬ই জুন।
