সাতক্ষীরায় পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

ফন্ট সাইজ:

নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সাতক্ষীরার কালীগঞ্জে পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলা ও পাল্টা হামলায় অন্তত ৫ জন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছে পরাজিত স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের ডা. শহিদুল আলমের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে অপর পরাজিত প্রার্থী ধানের শীষ প্রতীকের কাজী আলাউদ্দিনের সমর্থকরা। গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর বাঁশতলা বাজার সংলগ্ন মোজাম মোড়ে এ ঘটনা ঘটে।
লিখিত অভিযোগে জানা যায়, ডা. শহিদুল আলমের কয়েকজন কর্মী মোজাম মোড়ে অবস্থান করছিল। এ সময় প্রতিপক্ষের একদল লোক অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোটা নিয়ে এলোপাতাড়ি মারধর করলে কয়েকজন রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। আহতদের মধ্যে রয়েছেন মীর শাহিনুর, আজম হোসেন, সাবেক ইউপি সদস্য আকুল মীর, লিটন মীর ও শিমুল মীর। আরও কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগী পক্ষের অভিযোগ, ফতেপুর বাঁশতলা এলাকার নুরুজ্জামান পাড়ের নেতৃত্বে আমিরুল ইসলাম, হাফিজুর রহমান, ইদ্রিস আলী সরদার, ফিরোজ ঢালী, মোস্তাফিজুর পাড়, শাহিনুর কারিকর ও আলতাফ হোসেন হামলায় অংশ নেন। তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় সূত্র জানায়, নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই দু’পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিল। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন