লেগ স্পিনার রিশাদ হোসেনের বোলিংয়ের ধার বাড়াতে ‘গুগলি’ এবং বোলিং অ্যাকশনের নিখুঁত করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন জাতীয় দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। আজ সংবাদ সম্মেলনে রিশাদকে নিয়ে নিজের পরিকল্পনার কথা জানাতে গিয়ে মুশতাক সরাসরি তার গুগলির টেকনিক্যাল উন্নতির বিষয়টি সামনে আনেন। রিশাদের বোলিং নিয়ে মুশতাক আহমেদ বলেন, ‘হ্যাঁ, বিভিন্ন ভেরিয়েশন, ক্রিজের ব্যবহার এবং তার গুগলি নিয়েও কাজ হচ্ছে। তার গুগলি আরও কিছুটা উন্নত করতে হবে। গুগলির অ্যাঙ্গেল কেমন হবে, ডানহাতি ব্যাটারদের কোন দিকে বল করতে হবে—স্টাম্পের কাছাকাছি নাকি স্টাম্প থেকে দূরে, এসব নিয়ে কাজ করছি।’
লেগ স্পিনারদের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা প্রসঙ্গে মুশতাক বলেন, ‘একজন লেগ স্পিনারের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। কারণ আপনারা জানেন, লেগ স্পিনাররা অনেক সময় খরুচে হতে পারে। তাই আমরা তার অ্যাকশন নিয়ে কাজ করতে চাই যাতে সে একেবারে নিখুঁত হতে পারে। সে যেন শুধু কিছু ভালো বল করার বদলে, পুরো একটি ওভারই ভালো করতে পারে। তার অনেক উন্নতি হয়েছে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানতেতে দলের বাইরে থাকা প্রসঙ্গে রিশাদকে উদ্দেশ্য করে মুশতাক বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত টেম্পারামেন্ট থাকাটাই সবচেয়ে বড় বিষয়। এটি অন্য যেকোনো কিছুর চেয়ে অনেক বেশি মানসিক খেলা। দক্ষতা আপনাকে এখানে আনতে পারে, কিন্তু এখানে টিকে থাকতে হলে আপনাকে সঠিক মানসিকতা নিয়েই টিকতে হবে। রিশাদের কোচ হিসেবে আমি মনে করি এটা আমার দায়িত্ব তাকে মানসিকভাবে আরও শক্ত করা।’
