বর্তমান সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমের অন্যতম প্রধান উদ্যোগ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিকে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হিসেবে উল্লেখ করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। তিনি বলেন, সর্বজনীন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নে দেশের ওপর ঋণের বোঝা বাড়ার আশঙ্কা নেই।
শনিবার রাজধানীর এফডিসিতে বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচির অগ্রাধিকার নিয়ে আয়োজিত এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অতীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে নানা অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ থাকলেও বর্তমান সরকার স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত সুবিধাভোগী নির্বাচন করছে। বাড়ি বাড়ি গিয়ে স্কোরিং পদ্ধতি ও আইবাস ব্যবস্থার মাধ্যমে যাচাই-বাছাই করে কার্ড প্রদান করা হচ্ছে। এতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বা দুর্নীতির সুযোগ থাকবে না বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, বিএনপি সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচিকে অগ্রাধিকার দেয়া হয়েছে। অপ্রয়োজনীয় মেগা প্রকল্পের পরিবর্তে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর প্রকল্প হাতে নেয়া হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, সর্বজনীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন সরকারের একটি সাহসী উদ্যোগ। তবে এর সুষ্ঠু বাস্তবায়নে সুশাসন, রাজস্ব ব্যবস্থাপনায় দক্ষতা, বিনিয়োগ বৃদ্ধি ও দুর্নীতি নিয়ন্ত্রণ জরুরি।
তিনি আরও বলেন, কেবল সামাজিক সুরক্ষা কর্মসূচি নয়, প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে।
ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় উত্তরা ইউনিভার্সিটিকে পরাজিত করে সরকারি তিতুমীর কলেজের দল বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।
