সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনায় ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, এম সাইফুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. শাহাদাৎ হোসেন, ভিসি সচিবালয়ে দায়িত্বপালনরত নিরাপত্তাকর্মীসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছে।
জানা যায়, বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের নতুন কমিটি গত বছরের ডিসেম্বর মাসে হওয়ার কথা থাকলেও দায়িত্বপ্রাপ্তরা নানান টাল বাহানায় নতুন কমিটি গঠনের উদ্যোগ না নিয়ে কালক্ষেপণ করায় সাদা দলের মধ্যে প্রকাশ্যে বিভেদ সৃষ্টি হয়। রোববার সাদা দলের বর্তমান কমিটির সভাপতি প্রফেসর ড. কাজী মেহতাজুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রফেসর ড. শাহানা বেগমের নেতৃত্বে সাদা দলের সাতজন শিক্ষক ভিসি সচিবালয়ে গিয়ে ভিসিকে জামায়াত ট্যাগ দিয়ে মব সৃষ্টির চেষ্টা করলে প্রশাসন ভবনে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় তারা ভিসিকে ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়ার জন্য টানাহেঁচড়া শুরু করলে নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেয়ার চেষ্টা করলে ভিসিসহ নিরাপত্তাকর্মীরা তাদের হাতে নিগৃহীত হয়। ভিসি সচিবালয়ে হট্টগোলের খবর পেয়ে প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদারসহ সাদা দলের অন্যান্য শিক্ষকরা ভিসি সচিবালয়ে গেলে প্রফেসর ড. কাজী মেহেতাজুল ইসলাম এবং প্রফেসর ড. শাহানা বেগমের নেতৃত্বে প্রফেসর ড. এমদাদুল হক, প্রফেসর ড. মোজাম্মেল হক, প্রফেসর ড. মোহাম্মদ আতাউর রহমান তাদের ওপর চড়াও হয়। এ সময় হাতাহাতির একপর্যায়ে প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদসহ অন্যরা আহত হয়। এ বিষয়ে ভিসি প্রফেসর ড. আলিমুল ইসলাম বলেন, আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সোনালী দলের একজন সদস্য। দুর্দিনে আমি বিএনপিপন্থি প্যানেল থেকে নির্বাচন করে শিক্ষক সমিতির সহ-সভাপতি নির্বাচিত হয়েছি। আজকে সাদা দলের নামধারী কিছু শিক্ষক যেভাবে মব সৃষ্টির চেষ্টা করেছে তা অনাকাঙ্ক্ষিত। আমি সংশ্লিষ্ট সকলের কাছে এ বিষয়ে বিচার দাবি করছি।
সিকৃবিতে শিক্ষকদের হাতাহাতি ভিসি-প্রক্টরসহ আহত ৮
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
