এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

ফন্ট সাইজ:

এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে অনলাইন প্রতারণায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের সন্ত্রাসবিরোধী বিশেষ শাখা (সিটিটিসি)।

গ্রেপ্তাররা হলেন—মো. সিফাত আহমেদ সজিব (২২), সালমান (২২), মেছবাউল আলম মাহিন (১৯) ও মহিদুজ্জামান মুন্না (১৯)। শনিবার রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন।

তিনি জানান, গত ২০শে এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ’ নামের একটি ফেসবুক পেজ শনাক্ত করা হয়। পরবর্তীতে প্রযুক্তিগত বিশ্লেষণ ও তথ্যের ভিত্তিতে সেদিন রাতেই আশুলিয়ার জিরাবো তাঁজপুর এলাকা থেকে সিফাত আহমেদ সজিবকে গ্রেপ্তার করা হয়।

তার দেয়া তথ্যের ভিত্তিতে ২৩শে এপ্রিল বগুড়ার ধুনট থেকে সালমান এবং দিনাজপুরের নবাবগঞ্জ থেকে মেছবাউল আলম মাহিনকে গ্রেপ্তার করা হয়। পরে ২৪শে এপ্রিল সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগা ইউনিয়নের একটি এলাকা থেকে মহিদুজ্জামান মুন্নাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের ব্যবহৃত মোবাইল ফোনে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত কার্যক্রমে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাদের কাছ থেকে জব্দ করা ডিভাইসগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা অবৈধভাবে অর্থ উপার্জনের উদ্দেশ্যে প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে। একই সঙ্গে একটি সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থাকে ব্যাহত করার অপচেষ্টাও চালায় তারা।

এ ঘটনায় ডিএমপির রমনা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন