এবার খুললো দিনাজপুর জেলা আওয়ামী লীগ অফিস

জুলাইযোদ্ধাদের অবস্থান-অগ্নিসংযোগ

ফন্ট সাইজ:

এবার দিনাজপুরে জেলা আওয়ামী লীগ অফিস খুলে অবস্থান নিলেন দিনাজপুর আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা সেখানে জয় বাংলা স্লোগান দিয়ে অফিস খুলেন। অফিস বন্ধের পর প্রায় ২০ মাস নীরব থেকে রোববার শহরের বাসুনিয়াপট্টিস্থ অফিসটি খোলা হয়। পরে সন্ধ্যায় জুলাইযোদ্ধারা ওই অফিসে এসে অবস্থান নিয়ে অগ্নিসংযোগ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দিনাজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের বারান্দায় একজন নারী নেত্রীসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা ও স্বেচ্ছাসেবক লীগ নেতা অবস্থান নিয়ে তাদের দলীয় স্লোগান দেয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই- এসব স্লোগান দিয়ে ভাঙচুর হওয়া আওয়ামী লীগ অফিসে ঢুকে বিভিন্ন কক্ষে প্রবেশ করেন। সেখানে ঘণ্টা খানেক অবস্থান করার পর আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা চলে যান। নেতাকর্মীরা জানান, অফিসটি অবিলম্বে সংস্কার করে এখন থেকে নিয়মিত বসবেন। এ সময় অফিসে দিনাজপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ খালেদ হাবিব সুমন, সাংস্কৃতিক সম্পাদক রহমতুল্লাহ রহমত, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সৈয়দ সালাহউদ্দিন দিলীপ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রুহানা নিশাত বীথি, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, বীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুজ্জামান, পাল্টাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মন্‌জুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এ সময় তারা মোবাইল দিয়ে ভিডিও করেন এবং ফেসবুকে আপলোড দেন। ফেসবুকে আপলোড দেয়া ভিডিওটিই মূলত চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এটি এখন সকলের মুখে মুখে, আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এদিকে এ ঘটনার পর গতকাল সন্ধ্যায় দিনাজপুর জেলা আওয়ামী লীগ অফিসে এসে জুলাইযোদ্ধারা অবস্থান নেয়। তারা ভগ্নপ্রায় অফিসটিতে আবারো অগ্নিসংযোগ করে।





কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন