টানা দু’বারের বর্তমান চ্যাম্পিয়ন তিনি। রোলা গারোর লাল মাটির কোর্টে যখন তার হ্যাটট্রিক শিরোপার স্বপ্নে বুঁদ হওয়ার কথা, ঠিক তখনই দুঃসংবাদ দিলেন কার্লোস আলকারাজ। ডান হাতের কব্জির চোটে শেষ পর্যন্ত ফ্রেঞ্চ ওপেনে খেলা হচ্ছে না তার। ২২ বছর বয়সী এই স্প্যানিশ তারকা শুক্রবার নিশ্চিত করেন, আসন্ন ইতালিয়ান ওপেন এবং ফ্রেঞ্চ ওপেন কোনোটিতেই তাকে দেখা যাবে না।
আলকারাজের চোটের শুরুটা হয় চলতি মাসের বার্সেলোনা ওপেনে। প্রাথমিকভাবে সামান্য মনে হলেও স্ক্যান রিপোর্টে দেখা যায় সমস্যাটি বেশ গুরুতর। এরপর মাদ্রিদ ওপেন থেকেও নাম সরিয়ে নিতে বাধ্য হন এই সাতবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী। লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে গত সপ্তাহে বর্ষসেরার পুরস্কার নিতে উপস্থিত হন আলকারাজ। তার কব্জিতে ব্যান্ডেজ তখনই শঙ্কা জাগায় ভক্তদের মনে। শেষ পর্যন্ত অনুমানই সত্য হলো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ আলকারাজ লেখেন, ‘পরীক্ষার ফলাফলের পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এ মুহূর্তে সতর্ক থাকা এবং রোম ও রোলা গারোতে অংশগ্রহণ না করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। এটি আমার জন্য একটি কঠিন সময়। তবে আমি নিশ্চিত যে, আমরা এখান থেকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।’
গত বছর ৫ ঘণ্টা ২৯ মিনিটের মহাকাব্যিক লড়াইয়ে ইয়ানিক সিনারকে হারিয়ে শিরোপা তুলে ধরেন আলকারাজ। তার অনুপস্থিতিতে এখন ফেভারিট হিসেবে ফ্রেঞ্চ ওপেনে পা রাখবেন বর্তমান বিশ্বের এক নম্বর তারকা সিনার। টানা দুই মৌসুম ট্রফি জয়ী আলকারাজের বিদায় নিশ্চিতভাবেই এবারের টুর্নামেন্টের আমেজ অনেকটা কমিয়ে দিলো। ক্লে-কোর্টের এই মহাতারকা কবে নাগাদ কোর্টে ফিরবেন, তা এখনও নিশ্চিত নয়।
