রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে আসমা ভূঁইয়া (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হলে সকাল সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী মো. মমিন জানান, তারা কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনে করে নারায়ণগঞ্জে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। ট্রেনে ওঠার সময় অসাবধানতাবশত পা পিছলে পড়ে যান আসমা ভূঁইয়া। এ সময় তিনি ট্রেনের ধাক্কা ও কাটা পড়ে গুরুতর আহত হন। পরে দ্রুত হাসপাতালে নেয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
তিনি আরও জানান, তাদের বাসা ঢাকার দক্ষিণখানের মোল্লারটেক এলাকায়। আসমা ভূঁইয়া চার কন্যাসন্তানের জননী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।
