জেডি ভ্যান্স ও গালিবাফ ছাড়াই পাকিস্তানে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি

জেডি ভ্যান্স ও গালিবাফ ছাড়াই পাকিস্তানে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি

ফন্ট সাইজ:

কয়েক দিনের অচলাবস্থা। এরপর আবার আশার আলো দেখা দিয়েছে। ইসলামাবাদে আবার যুক্তরাষ্ট্র ও ইরানকে এক টেবিলে বসানোর ব্যবস্থা করেছে পাকিস্তান। এতে অংশ নিতে ইসলামাবাদ পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে, স্টিভ উইটকফ এবং জারেড কুশনার শনিবার ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় অংশ নিতে পাকিস্তানে আসছেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এতে বলা হয়, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট শুক্রবার ফক্স নিউজকে বলেন, আমি নিশ্চিত করতে পারি যে স্পেশাল এনভয় স্টিভ উইটকফ এবং জারেড কুশনার ইরানি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় অংশ নিতে শনিবার সকালে আবার পাকিস্তানে যাবেন। তিনি বলেন, ইরানিরা যোগাযোগ করেছে, যেমনটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তাদের করতে বলেছিলেন এবং এই সরাসরি বৈঠকের অনুরোধ জানিয়েছে।

লেভিট আরও জানান, প্রয়োজন হলে অন্যরাও পাকিস্তানে যাওয়ার জন্য প্রস্তুত থাকবে। তবে প্রথমে এই শীর্ষ উপদেষ্টারাই সেখানে গিয়ে পরিস্থিতি মূল্যায়ন করে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে জানাবেন। মধ্যপ্রাচ্যের জন্য যুক্তরাষ্ট্রের স্পেশাল এনভয় স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জারেড কুশনার ১১ ও ১২ এপ্রিল পাকিস্তানে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তবে লক্ষণীয় বিষয় হলো, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রথম দফার আলোচনায় ইরানের প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ দু’জনেই দ্বিতীয় দফার আলোচনায় থাকছেন না। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তান, ওমান এবং রাশিয়ায় একটি সময়সোপযোগী সফরের ঘোষণা দিয়েছেন। এই সফর হবে দ্বিপাক্ষিক বিষয় ও আঞ্চলিক পরিস্থিতিকে কেন্দ্র করে। তিনি এক্সে লিখেছেন, ইসলামাবাদ, মাসকাট এবং মস্কো সফরে যাচ্ছি। এই সফরের উদ্দেশ্য হলো আমাদের অংশীদারদের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে ঘনিষ্ঠ সমন্বয় করা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা। আমাদের প্রতিবেশীরাই আমাদের অগ্রাধিকার।

এর আগে ইরান জানিয়েছিল, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত তারা কোনো আলোচনা করবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইছিল, তেহরান যেন তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করার এবং প্রণালিতে নিজেদের অবরোধ তুলে নেয়ার যাচাইযোগ্য নিশ্চয়তা দেয়। শুক্রবার পেন্টাগনে এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ‘অগাধ সময় আছে এবং আমরা কোনো চুক্তির জন্য তাড়াহুড়ো করছি না।’

তিনি আরও বলেন, ইরানের সামনে একটি ‘ভালো ও বিচক্ষণ চুক্তি’ করার সুযোগ রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন