জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে দীর্ঘ দুই দশক পর নতুন সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। এই সরকারের মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, সবার নজর এখন সেদিকে। সারা দেশের ন্যায় খুলনার রাজনৈতিক, সামাজিক, পেশাজীবীসহ সাধারণ মানুষের মধ্যে আগ্রহের কমতি নেই। বঞ্চিত জনপদ খুলনা থেকে কে কে মন্ত্রিপরিষদে স্থান পাচ্ছেন।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। এ ঘোষণার পর থেকে নতুন সরকার ও সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। কে মন্ত্রী হচ্ছেন, কে পাচ্ছেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। দলীয় অঙ্গন থেকে শুরু করে সাধারণ রাজনৈতিক মহলেও চলছে নানা জল্পনা। এ আলোচনায় খুলনার ৩ জন সংসদ সদস্যদের নাম শোনা যাচ্ছে।
খুলনা জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৪টিতে জয় পেয়েছে বিএনপি। এর মধ্যে জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী) আসনের এমপি রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) আসনের এমপি আজিজুল বারী হেলাল, এবং খুলনা-৫ (ডুমুরিয়ার- ফুলতলা) আসন থেকে নির্বাচিত আলি আসগর লবী মন্ত্রিসভায় স্থান পেতে পারেন এমন প্রত্যাশা করছেন দলের নেতাকর্মীরা। এদিকে, অবহেলিত খুলনার উন্নয়নে এবারের মন্ত্রিসভায় একাধিক মন্ত্রী চান খুলনার মানুষ। দীর্ঘদিন অবহেলা ও বঞ্চনার শিকার খুলনা অঞ্চলের মানুষ। শিল্প নগরী খুলনা আজ মৃত্যু নগরীতে পরিণত হয়েছে। নির্বাচনের আগে খালিশপুর শিল্পাঞ্চলে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন সরকার গঠন করতে পারলে বন্ধ মিল কারখানা চালু করে খুলনার হারানো ঐতিহ্য ফিরিয়ে দেয়া হবে। আর শিল্পাঞ্চল খুলনা-৩ আসন থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারেক রহমানের আস্থাভাজন দলের দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিক রকিবুল ইসলাম বকুল। তাই এবার খুলনার অবহেলিত মানুষের প্রত্যাশা অনেক বেশি। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও চলছে জোরালো আলোচনা। খুলনাঞ্চল থেকে কে কে স্থান পাচ্ছেন আগামীর মন্ত্রিপরিষদে।
খুলনার তিন নেতা মন্ত্রিত্বের আলোচনায়
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
