খুলনায় গভীর রাতে বাড়িতে আগুন

নির্বাচন পরবর্তী সহিংসতা

খুলনায় গভীর রাতে বাড়িতে আগুন

ফন্ট সাইজ:

খুলনা-৫ আসনের (ডুমুরিয়া-ফুলতলা) ১নং আটরা-গিলাতলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মশিয়ালী গ্রামের আকুঞ্জি পাড়ার শোকর আকুঞ্জির বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে যে, দাঁড়িপাল্লায় ভোট দেয়ায় শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়। এ ঘটনার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, আগুন দেখতে পেয়ে আমরা ছুটে আসি। সকলে মিলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এর মধ্যে শোকর আকুঞ্জির একটি কাঠের ঘর পুড়ে গেছে। খানজাহান আলী থানার এসআই রুবেল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ক্ষতিগ্রস্তরা মামলা করলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর আমীর সৈয়দ হাসান মাহামুদ টিটো ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, খুলনা-৫ আসনে ধানের শীষ বিজয়ী ঘোষণা করায় বিএনপি-আওয়ামী লীগের সন্ত্রাসীরা এলাকার দাঁড়িপাল্লার সমর্থকদের হুমকি-ধমকি দিয়ে আসছিল। তারাই মুলত এই আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি কেরোসিনের বোতল উদ্ধার করেছে। বৃদ্ধ শোকর আকুঞ্জি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা বুঝতে না পারলে গভীর ঘুমের মধ্যে আমরা শেষ হয়ে যেতাম। আপনারা এসে আমাদের কাউকে জীবিত পাইতেন না। সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আমাদের শেষ করে দিতে চেয়েছিল। আল্লাহ্‌ তায়ালা আমাদের বাঁচিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করেন। তিনি এ ঘটনায় মামলা করবেন বলেও জানিয়েছেন। এদিকে খবর পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল খুলনা-৫ আসনের ১১ দলীয় নির্বাচনীয় ঐক্য সমর্থিত প্রার্থী মিয়া গোলাম পরওয়ার, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম, ছাত্রশিবিরের খুলনা জেলা সভাপতি ইউসুফ ফকির, খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর আমীর সৈয়দ হাসান মাহামুদ টিটো, সেক্রেটারি গাজী মোর্শেদ মামুন ঘটনাস্থলে যান এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষিদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এ সময়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। খানজাহান আলী থানার অফিসার ইনচাজ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, রাতে শুকুর আকুঞ্জির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। থানায় এ ঘটনায় কেউ অভিযোগ করতে আসেনি। পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন