চাচাতো ভাইয়ের মরদেহ আনতে গিয়ে সিলেটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের কুলাউড়ার বাসিন্দা নাজমুল ইসলাম নিয়াজ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকাল সাতটায় সিলেট দক্ষিণ সুরমা ময়লার ভাগাড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নাজমুল ইসলাম কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের আবু তালিবপুর এলাকার বাসিন্দা মৃত শামছুল ইসলামের ছেলে ও দৈনিক যুগান্তরের কুলাউড়া প্রতিনিধি ও প্রেস ক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলামের মেজো ভাই।নিহত নাজমুল ইসলামের ভাই সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম জানান, তার চাচাতো ভাই আব্দুল আহাদ সিলেট এয়ারপোর্ট এলাকায় বসবাস করতেন। তিনি ওই এলাকার একটি মসজিদের সাবেক ইমাম ছিলেন। বার্ধক্যজনিত কারণে শনিবার আব্দুল আহাদ মারা গেলে তার লাশ আনতে সিলেটে রওয়ানা দেন নাজমুল ইসলাম। পথিমধ্যে সিলেটের দক্ষিণ সুরমার ময়লার ভাগাড় এলাকায় পৌঁছালে নাজমুল ইসলামকে বহনকারী গাড়িটি একটি দ্রুতগতির যানবাহনের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই নাজমুল ইসলামের মৃত্যু হয়।
এ সময় চালকসহ প্রাইভেট কারে থাকা অন্য দু’জন যাত্রীও মারাত্মক আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তারাও অনেকটা আশঙ্কাজনক অবস্থায় আছেন। আকস্মিক এই মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নাজমুল ইসলাম স্থানীয় আল-হেরা একাডেমির শিক্ষকও ছিলেন।
চাচাতো ভাইয়ের মরদেহ আনতে গিয়ে নিয়াজের মৃত্যু
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
