যুক্তরাজ্য প্রবাসী সিলেট নগরীর চৌকিদেখী এলাকার বাসিন্দা বুরহান উদ্দিন শফির খুনিদের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছেন নগরবাসী। রোববার দুপুরে আয়োজিত মানববন্ধনে নানা শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। সিলেট মহানগর বিএনপি নেতা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বুরহান উদ্দিন শফি একজন সুপরিচিত মানুষ। তিনি দীর্ঘদিন থেকে প্রবাসী। কিন্তু তাকে নির্মমভাবে হত্যা করেছে খুনিরা। শুধু তাই নয়, হত্যার পর তার লাশ পুড়িয়ে দিয়েছে নরপিশাচরা। এমন ন্যক্কারজনক হত্যাকাণ্ডের পনের দিন অতিবাহিত হয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। যা খুবই উদ্বেগজনক। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- বিমানবন্দর থানা বিএনপি’র সভাপতি আব্দুল কাদির সমছু, বিএনপি নেতা মাহফুজুল করিম জেহিন, সাহেদ আহমদ চমন, মোস্তাকুর রহমান রুমন, নিহত শফির বৃদ্ধ মা, ভাই সুলেমান আহমদ, বোন আছমা জাহানসহ এলাকার বিশিষ্টজন। এ সময় তারা নিহত শফির খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচি নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন। উল্লেখ্য- নিখোঁজের ৪ দিন পর গত ৪ঠা ফেব্রুয়ারি জকিগঞ্জ উপজেলার একটি হাওর থেকে শফির আগুনে পুড়ানো মরদেহ উদ্ধার করে পুলিশ।
সিলেট লন্ডন প্রবাসীর খুনিদের গ্রেপ্তার দাবি
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৬ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
