ঘড়ির কাঁটায় তখন ৩৩ সেকেন্ড। গোল হজম করে বসলো ফর্টিস এফসি। আবাহনীর মিরাজুল ইসলামের ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে বল জড়ান ফর্টিস এফসির ডিফেন্ডার মিঠু চৌধুরী। আর এ আত্মঘাতী গোলই গড়ে দেয় ম্যাচের ভাগ্য। ফর্টিসকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ ফুটবল লীগের (বিএফএল) পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বসুন্ধরা কিংসকে ছুঁয়ে ফেলে আবাহনী লিমিটেড। গোল ব্যবধানে এগিয়ে থাকা কিংসের সমান ২৮ পয়েন্ট এখন আকাশী-নীলদের। তবে কিংস একম্যাচ কম খেলেছে। আজ ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস। এই ম্যাচে এক গোলের বেশি ব্যবধানে হারলো শীর্ষস্থান খোয়াবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ২৫ পয়েন্ট নিয়ে শিরোপার লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়লো ফর্টিস এফসি।
১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান এখন তালিকার ছয়ে। তাদের ট্রফি ধরে রাখার সম্ভাবনা একপ্রকার শেষ। গতকাল কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরুতে পিছিয়ে পড়ার পর গোল শোধে মরিয়া হয়ে লড়ে ফর্টিস। ৪২ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ নষ্ট করেন ইসা জালো। ডাওয়া তিসেরিংয়ের ক্রসে গোলরক্ষক মিতুল মারমাকে পরাস্ত হতে দেখলেও ফাঁকা পোস্টে অবিশ্বাস্যভাবে বল ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে দেন এই গাম্বিয়ান মিডফিল্ডার। পরের মিনিটে ওনিয়েকাচি ওকাফোর শট নিলেও তা ডিফেন্ডারের গায়ে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৬ মিনিটে ইসা জালোর ফ্রি-কিক রুখে দিয়ে আবাহনীর ত্রাণকর্তা হয়ে দাঁড়ান গোলরক্ষক মিতুল। শেষ দিকে একের পর এক আক্রমণ সামলে টানা ষষ্ঠ জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে আকাশী-নীলরা। দিনের অন্য ম্যাচে মানিকগঞ্জে চমক দেখায় আরামবাগ ক্রীড়া সংঘ। ৪৬ মিনিটে কিজিতো কাওয়ামের একমাত্র গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ১-০ ব্যবধানে হারায় দলটি। এই জয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে উঠে এলো অবনমনের শঙ্কায় থাকা আরামবাগ। ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রহমতগঞ্জ।
আলাদা ম্যাচে নামছে মোহামেডান ও পুলিশ
বিএফএলের ১৪তম রাউন্ডের আজ তিনটি ম্যাচ মাঠে গড়াবে। কিংস অ্যারেনায় শীর্ষস্থান ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে বসুন্ধরা কিংস। প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। প্রথম দেখায় ব্রাদার্সকে ৫-১ গোলে হারায় কিংস। ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পযেন্ট তালিকার সাতে ব্রাদার্স। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে। ১৩ রাউন্ড শেষে গোলব্যবধানে পিছিয়ে থাকায় ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে পিডব্লিউডি। আর মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে টেবিলের পাঁচে থাকা বাংলাদেশ পুলিশ এফসি খেলবে তলানীর দল ফকিরেরপুল ইয়্যাংমেন্সের বিপক্ষে। সবগুলো ম্যাচ শুরু বিকাল সাড়ে ৩টায়।
