রাজশাহীতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। যেটি সফরকারীদের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। ঐতিহাসিক সেই জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে হারের মুখ দেখে স্বাগতিকরা। ৪ উইকেটের জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় সফরকারী শ্রীলঙ্কা। তাই আজ মাঠে গড়াতে যাওয়া তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটিই সিরিজ নির্ধারক। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দু’লের লড়াই শুরু সকাল সাড়ে ৯টায়। চলতি বছরের জুনে ইংল্যান্ড ও ওয়েলসে মাঠে গড়াবে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। বৈশ্বিক সেই আসরকে সামনে রেখে প্রথমবার বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে শ্রীলঙ্কা। যার শুরুটা হয়েছে ওয়ানডে দিয়ে। সংস্করণ ভিন্ন হলেও বিশ্বকাপের আগে মানসিকভাবে এগিয়ে থাকতে ওয়ানডে সিরিজ জয় নিগার সুলতানা জ্যোতির দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ঘরের মাঠে শক্তিশালী শ্রীলঙ্কাকে হারাতে পারলে বিশ্বকাপের আগে টাইগ্রেসদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। সেই লক্ষ্যকে সামনে রেখে গতকাল বিকালে অনুশীলন করে বাংলাদেশের মেয়েরা। বিশেষ করে ব্যাটাররা নিজেদের ভুল-ত্রুটি নিয়ে কাজ করেছেন। সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার ২০৫ রানের জবাবে শারমিন আক্তার ও সোবহানা মোস্তারিদের ব্যাটে জয় পায় বাংলাদেশ। যদিও সহজ ম্যাচকে কঠিন করে জিতেছিল টাইগ্রেসরা। সেই ম্যাচে মিডল অর্ডারের দুর্বলতা স্পষ্ট হয়ে পড়ে। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ১৬৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। অধিনায়ক জ্যোতি ৫১ বলে ৫৮ রানের লড়াকু ইনিংস খেললেও বাকিদের ব্যর্থতায় লড়াই করার মতো পুঁজি পায়নি টাইগ্রেসরা। জবাবে চামারি আতাপাত্তু ও হারশিথা সামারাবিক্রমাদের দৃঢ়তায় ৪ উইকেটের জয় পায় শ্রীলঙ্কা। আজ সেই ভুলগুলো শুধরে নিয়ে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন জ্যোতিরা। সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের হয়ে আজ বড় ভূমিকা রাখতে পারেন নাহিদা আক্তার।
গত ম্যাচে ৪ উইকেট নিয়ে তিনি শ্রীলঙ্কাকে বেশ চাপে ফেলেন তিনি। এছাড়া ব্যাটিংয়ে শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানার ব্যাটে তাকিয়ে থাকবে দল। অন্যদিকে শ্রীলঙ্কার বড় শক্তি টপঅর্ডার ব্যাটার চামারি আতাপাত্তু। ব্যাটে-বলে সমান পারদর্শী এই অলরাউন্ডারকে দ্রুত ফেরাতে না পারলে বাংলাদেশের জন্য সিরিজ জয় কঠিন হতে পারে। তাছাড়া ব্যাটিংয়ে বাংলাদেশের টপ অর্ডারকে আরও দায়িত্বশীল হতে হবে। আইসিসি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের শীর্ষ সাত দল ২০২৯ আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। স্বাগতিক দশ যদি সেরা সাতে থাকে, তাহলে পয়েন্ট তালিকার অষ্টম দল সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে। বর্তমানে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে শ্রীলঙ্কা। সিরিজ জিততে পারলে অস্ট্রেলিয়াকে টপকে যাবে দলটি। অন্যদিকে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে থাকা বাংলাদেশের সুযোগ উন্নতি করার।
